
একগাদা বইয়ের মধ্যে নাক-মুখ গুঁজে পড়াশোনা করতে করতে হাঁপিয়ে যাওয়ারই উপক্রম সাদা অ্যাপ্রোনের ভবিষ্যৎ ডাক্তারদের। সারা দিন আইটেম, কার্ড, টার্ম দিয়ে দিয়ে একঘেয়ে জীবনের বাইরে যাওয়ার সুযোগ কই! তবে বই নিয়ে পড়ে থাকলেও তাঁরাও যে কারোর থেকে কম যান না, সে কথাটা আরেকবার প্রমাণ করে দিয়ে গত ১৩ আর ১৪ জুন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) আয়োজিত হলো প্রথম গ্লোবাল হেলথ ফেস্টিভ্যাল। তথ্যপ্রযুক্তি আর তারহীন যোগাযোগের এই যুগে যেখানে যোগাযোগের ব্যাপারটা এখন খুবই সহজ হয়ে গেছে, সেখানে আমাদেরও সময় এসেছে বিশ্বের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলার। তাই তো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডিবেট অ্যান্ড কুইজ সোসাইটি এবং এআইইউবির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগের দুই দিনব্যাপী এই আয়োজন ছিল বিভিন্ন মেডিকেল আর ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা নানা রকম কর্মশালার মধ্যে পরিচিত হয়েছেন বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন উপকরণের সঙ্গে।
‘এক দেশ থেকে আরেক দেশে যেতে রোগ-বালাইয়ের পাসপোর্ট লাগে না। তাই বর্তমান যুগে আন্তর্জাতিক ডাক্তার হওয়ার কোনো বিকল্প নেই। বিশ্বব্যাপী পরিচিত চিকিৎসার সঙ্গে আমাদের এখানকার শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন’ ডিকিউএস-এর সাধারণ সম্পাদক (কুইজ) অনিন্দ্য শামসের কথাতেই বেরিয়ে এল আয়োজনের পেছনের উদ্দেশ্যের কথা। কী ছিল না সেখানে! উপস্থিত বক্তৃতা, আন্তমেডিকেল গ্লোবাল হেলথ কুইজ প্রতিযোগিতা, তথ্যমূলক পোস্টার অঙ্কন প্রতিযোগিতা, স্নাতকোত্তর গ্লোবাল হেলথ অলিম্পিয়াড, বৈশ্বিক চিকিৎসার ওপর কর্মশালা, আন্তমেডিকেল বিতর্ক প্রতিযোগিতাসহ এমন আরও হরেক রকম আয়োজন। শুক্র আর শনিবার ছুটির দুটো দিনে তাই সারা দিন বই নিয়ে পড়ে থাকা মেডিকেল শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় দিনব্যাপী অংশ নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানকে গর্বিত করেন।
তাই একবার যখন উপস্থিত বক্তৃতায় হলি ফ্যামিলি মেডিকেল কলেজ চ্যাম্পিয়ন, তখন আন্তমেডিকেল বিতর্কে আবার চ্যাম্পিয়ন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তথ্যমূলক পোস্টারে আবার বিজয়ীর নাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, যেন কেউ কাউকে ছাড় দেবে না।
‘মেডিকেলের একঘেয়ে পরিবেশের বাইরে সত্যি নতুন এই আয়োজনে এসে অনেক কিছু শিখতে পারলাম। বৈশ্বিক স্বাস্থ্য ও এর কাঠামো নিয়ে আয়োজিত সেশনটি খুব ভালো লেগেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে “গ্লোবাল ভিলেজ” নামক এই বিশ্বে সময় এসেছে পুরো পৃথিবীকেই ভালোভাবে চিনে নিয়ে কাজ শুরু করার’—গ্লোবাল হেলথ কুইজের চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেল কলেজের নিশম সরকার এমনভাবেই প্রকাশ করলেন নিজের সংকল্পের কথা।