
সরু সরু সব রাস্তা, তার মধ্য দিয়েই রিকশা, গাড়ি এমনকি ঘোড়ার গাড়ি পর্যন্ত একত্রে বিচরণ—পুরান ঢাকার এ-ই চিরাচরিত দৃশ্য। তবে এই তীব্র জ্যাম কাটিয়েও ১৬ নভেম্বর দেখা গেল বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেমেয়েরা বেশ হন্তদন্ত হয়েই ছুটে যাচ্ছেন ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) দিকে। সেখানে তখন পুরোদমে চলছিল দেশের মেডিকেল কার্নিভালের সমাপনী অনুষ্ঠান।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডিবেট ও কুইজ সোসাইটির আয়োজনে আইএফআইসি ব্যাংক ডিকিউএস-এসএসএমসি কার্নিভাল ক্যাপটিভ নামের এই মহাযজ্ঞ চলল ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত। কুইজ শাখার সভাপতি মাসাতো যেমন বললেন, ‘আমরা শুধু স্বপ্ন পূরণ করিনি, একটা প্রতিজ্ঞা পূরণ করেছি।’ সত্যিই তা-ই।
আর ডিবেট শাখার সভাপতি স্বপ্নীলের কণ্ঠে যেন যুদ্ধজয়ের গৌরব। দুই সাধারণ সম্পাদক অনিন্দ্য ও সাকিব আর সহসাধারণ সম্পাদক অভীকের তো রাতের ঘুম হারামই হয়ে গিয়েছিল বেশ কিছুদিন! নাবিলা, শাওন, সিজু, রিজু, অরিন, সাবরীরাও খেটেছেন হরদম। ৩০টি মেডিকেল আর ২৫টি বিশ্ববিদ্যালয়ের হাজার ছাড়িয়ে যাওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত ছিল এসএসএমসির ক্যাম্পাস। প্রতিদিনের ক্লাস ও পরীক্ষার ফাঁকফোকরে এসে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এই কার্নিভালে।
অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজির চমকপ্রদ সব প্রশ্নে ছাত্রছাত্রীদের কলম ভেঙে ফেলার অবস্থা হয়েছিল আন্তকলেজ মেডিকেল অলিম্পিয়াডে। ইব্রাহিম মেডিকেল থেকে আসা প্রথম পুরস্কার পাওয়া আবরার তো আক্ষেপই করে বসলেন, ‘এমন আয়োজন যে কেন আরও বেশি বেশি হয় না!’
ছিল মেডিকেল স্পেলিং প্রতিযোগিতা। ঢাকা মেডিকেল থেকে অংশ নেওয়া প্রণীতা বলেন, ‘এখানে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে।’ হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই প্রতিযোগিতায় ঢাকা মেডিকেলকে টাইব্রেকারে হারিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ জিতে নেয় চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপরেই অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় আবার সলিমুল্লাহকে হারিয়ে ঢাকা মেডিকেল ১-১ সমতা করে ফেলে।
কার্নিভালে আয়োজন করা হয় ইমার্জেন্সি মেডিসিন ওয়ার্কশপ। এখানে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল শেখানো হয়। ‘এত দিন যা শুধু বইপত্রে জেনে এসেছি, আজ তা হাতেকলমেও শিখে নিলাম।’ ওয়ার্কশপ শেষে এসএসএমসির মেহেদীর অনুভূতি ছিল এমনই।
কিছুই বাদ যায়নি কার্নিভাল থেকে। শুধু মেডিকেলের বিষয়ই নয়, বরং ছবি আঁকা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, দেয়াল চিত্র ও পোস্টার অঙ্কন প্রতিযোগিতা ছিল এই আয়োজনে। ছাত্রছাত্রীদের ১৭০টি ছবি নিয়ে ছিল প্রদর্শনী। ‘ছবির এই আয়োজন দেখে সত্যি মুগ্ধ আমি’—উচ্ছ্বাস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক শামসুন নাহার হেনার কণ্ঠে।
পুরস্কার বিতরণীর দিনটায় সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল বিজয়ীদেরই। তিন-তিনবার পুরস্কার নিতে গিয়ে সলিমুল্লাহর রুবায়াত তো যেন হাঁপিয়েই উঠেছিলেন। ‘শুধু পড়াশোনাই নয়, একজন মানুষের প্রকৃত বিকাশে সাংস্কৃতিক আয়োজনের গুরুত্বও অনেক। আমি সত্যি আনন্দিত এই সফল আয়োজনে’—পুরস্কার দিতে গিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার ধরের কণ্ঠে ছিল পরিতৃপ্তির সুর।
প্রধান অতিথি টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল তরুণদের প্রতি আহ্বান করলেন দেশপ্রেমে উজ্জীবিত একেকজন আলোকিত মানুষ হতে। রং-বেরঙের জ্বলন্ত ফানুস উড়িয়ে যখন সমাপ্তি ঘোষণা করা হলো, সবার মনেই যেন লেগে ছিল সেই আগুনের আভা। অপেক্ষা আবার আগামী বছরের।