হয়ে গেল ছোটদের বিজ্ঞান অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অলিম্পিয়াডের মূল পর্ব অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডের (আইজেএসও) জন্য দেশের শিক্ষার্থীদের বাছাই করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলাও ছিল অন্যতম উদ্দেশ্য। এ বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) দ্বাদশ আয়োজনে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ।
মূল অলিম্পিয়াড ও প্রশ্নোত্তর পর্ব শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম খুবই মেধাবী। আর্থিকভাবে আমরা দরিদ্র হলেও মেধার দিক দিয়ে আমাদের কমতি নেই।’ গণিত অলিম্পিয়াডের সফলতার মতো বিজ্ঞানেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা ভালো করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অলিম্পিয়াড ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ স্বপন কুমার ঢালী, জীববিজ্ঞানী রেজাউর রহমান, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আরশাদ মোমেন, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান এবং  এসপিএসবির সহসভাপতি ফারসীম মান্নান মোহাম্মদী।
অলিম্পিয়াডে জুনিয়র ও সেকেন্ডারি বিভাগে সারা দেশের ২২০ জন শিক্ষার্থী দেড় ঘণ্টার একটি বহুনির্বাচনী ও তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। অলিম্পিয়াড থেকে জুনিয়র ক্যাটাগরিতে ১৩ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ২২ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১০ জন—মোট ৪৫ জনকে বিজয়ী নির্বাচন করা হয়। পরে ঢাকায় আয়োজন করা হবে তিন দিনের ক্যাম্প এবং নির্বাচন করা হবে আইজেএসও দল। এই অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)।
নিজস্ব প্রতিবেদক