হরতালে বিপাকে শ্রমজীবী শিশুরা

গত ২৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশব্যাপী শুরু হয় অবরোধ। নির্বাচন প্রতিহত করার সংকল্প নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট দফায় দফায় অবরোধ আহ্বান করে। এর আগে বিভিন্ন সময়ে ছিল বিএনপির হরতাল। এসব হরতাল ও অবরোধ বড়দের পাশাপাশি শিশুদের জীবনের ওপরও প্রভাব ফেলেছে। অবরোধ চলাকালীন ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন যানবাহনে অবরোধকারীদের দেওয়া আগুনে বহু শিশু হতাহত হয়েছে। শ্রমজীবী শিশুরা নানা ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যবসা খারাপ চলার অজুহাতে অনেক শিশুশ্রমিক বেতন পায়নি নভেম্বর মাসে। যারা দিনপ্রতি মজুরি ভিত্তিতে কাজ করে, সেসব শিশুর হাতে কোনো কাজ নেই। এ ছাড়া শিশুদের পড়ালেখার ব্যাপক ক্ষতি হয়েছে।
১৩ বছরের মামুন রাজধানীর শাহবাগে শীতের টুপি বিক্রি করে। তেজগাঁও শিল্প এলাকা থেকে কম দামে শীতের টুপি কিনে ন্যূনতম লাভে সেসব বিক্রি করে। কিন্তু হরতাল-অবরোধের কারণে গত এক মাসে তার ব্যবসায় একেবারে ধস নেমেছে। মামুন জানায়, হরতাল-অবরোধ না থাকলে দিনে গড়ে ৮০০-৯০০ টাকা বিক্রি হয়। তখন লাভ হয় ২০০-২৫০ টাকা। এখন একেবারেই বিক্রি নেই। ভাগ্যিস বড় বোন রাহেলা পোশাক কারখানায় কাজ করেন, তাই রক্ষা। চলতি বছরের ফেব্রুয়ারিতে জামালপুর থেকে ঢাকায় এসেছে। বাবা নেই। রাজধানীর বেগুনবাড়ি বস্তিতে বড় বোনের সঙ্গে থাকে। বোনের স্বামী বহু আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। টুপি বিক্রির সময় বোনের ছেলে সোহেলকে (৮) সঙ্গেই রাখে মামুন। সোহেলকে নিয়ে তার ভয়, বল মনে করে ককটেল না উঠিয়ে নেয় হাতে!
সোহরাওয়ার্দী উদ্যানে একটি চায়ের দোকানে চাকরি করে তানভীর। মাসিক বেতন দেড় হাজার টাকা। বাড়ি চাঁদপুর। রাতে দোকানের কাছাকাছি থাকে। বাবা নেই। মা হারিয়ে গেছে। কোনো খোঁজ জানে না তানভীর। মামা এই মালিকের কাছে কাজে লাগিয়ে দিয়েছেন। তানভীর জানায়, তার কাজ শুরু হয় সকাল থেকে। মালিক চা-পাতা, চিনি, টিনের কৌটার দুধ কিনে দিয়ে যায়। সে শুধু ফরমাশ অনুযায়ী চা বানায়। টাকা জমা রাখে। রাতে মালিক এসে হিসাব করে। দিনে লোকজন কম চা খায়। বেশি বিক্রি হয় সন্ধ্যার পর। কিন্তু হরতাল-অবরোধের কারণে বিক্রিবাটা কমে গেছে। এ জন্য মালিক জানিয়ে দিয়েছেন, এ মাসে তানভীর বেতন ৫০০ টাকা কম পাবে।
মোহাম্মদপুর-মিরপুর রুটে চলাচলকারী একটি লেগুনায় হেলপারের চাকরি করে ফারুক (১৫)। কিন্তু গত এক মাসে তার অনেক কামাই হয়েছে। লেগুনায় যদি অবরোধকারীরা আগুন ধরিয়ে দেয় বা ককটেলের বিস্ফোরণ ঘটায় এই ভয়ে সে কামাই দিয়েছে। ফারুক বলে, ‘কী করুম। জানের মায়া অনেক বেশি। যেমতে বাসে, গাড়িতে আগুন লাগানি শুরু হইছে। ডরে কামে আহি নাই। মালিক কইছে আমার বেতন কাটব। একটু কষ্ট হইব। কিন্তু কী করুম, সবার আগে জান।’
১১ বছরের রফিকুলের বসবাস ফার্মগেট এলাকার একটি ফুটপাতে। কাওরান বাজারে ঝরতিপড়তি শাকসবজি কুড়িয়ে তা কম দামে বিক্রি করে। এ দিয়ে মোটামুটি তার একার পেট চলে যায়। রফিকুল বলে, ‘হরতাল-অবরোধের কারণে সব সময় ডরে ডরে থাকি। থাকি ফুটপাতে। কে কোন দিক দিয়া ককটেল মারব কোনো ঠিক আছে? আর অবরোধের কারণে সবজির টেরাকও আসে কম। আর এর লাইগা আমার বিক্রিও কইমা গেছে।’
লাবিবা আহমেদ রাজধানীর একটি ইংরেজি মাধ্যমের স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। অবরোধের কারণে তাদের স্কুল প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষাও হতে পারেনি। লাবিবার মা রুবাবা বলেন, ‘কয় দিন আগে স্কুল থেকে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন বাসায় দিয়ে দেওয়া হয়। ঘরে বসেই মেয়ের অর্ধবার্ষিক পরীক্ষা নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খুলবে না। এতে করে মেয়ের পড়ালেখার ব্যাপক ক্ষতি হচ্ছে।’
শালিজমা ইসলামের (১৫) ঘটনা অন্য রকম। রাজধানীর একটি বাংলা মাধ্যমের স্কুলে পড়ে সে। অবরোধের মধ্যেই তার স্কুলের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শালিজমার মা ফাতেহা বলেন, ‘শুক্রবার ছাড়াও অন্যান্য বারেও পরীক্ষা হয়েছে। অনেক ভয় ও আতঙ্ক নিয়ে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছি। আমাদের ওপর যে ককটেল হামলা হবে না, এমন নিশ্চয়তা তো কেউ দেয়নি।’