হল থেকে বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

খাওয়াদাওয়া
আমাদের হলে খাওয়ার সময় ডালের পাত্র দেওয়া থাকে, সঙ্গে থাকে হাত ধোয়ার জন্য পানির পাত্রও। একবার দেখলাম, আমার পাশে বসা এক বড় ভাই ডালের পাত্রেই হাত ধুয়ে নিলেন। জিজ্ঞেস করলাম, ‘ভাই, আপনি ডালের মধ্যে হাত ধুলেন কেন?’ ভাই উত্তর দিলেন, ‘ওহ্, ওটা ডাল ছিল? আমি তো আরও ভাবলাম পানি! তাই তো বলি হাতে গন্ধ লাগছে কেন!’ ঘটনা এখানেই শেষ হতে পারত। কিন্তু সেই বড় ভাই পাশেই রাখা পানির পাত্রে হাত চুবিয়ে আবার হাত ধুয়ে ফেললেন। কিছুক্ষণ পরই আমার রুমমেট এসে বসল পাশের চেয়ারে। এসেই ভাতের মধ্যে ডাল ঢেলে নিল সে। বড় ভাইয়ের হাত ধোয়া পানির ডাল!

জামাকাপড়-স্যান্ডেল
হলে জামাকাপড় আর স্যান্ডেলের ব্যাপারে একটা নীতি মেনে চলতে হয়, ‘স্যান্ডেল, জামাকাপড় যার যার, পরার অধিকার সব্বার’। এমনকি সাবান-শ্যাম্পুর ব্যাপারেও এই নীতি মেনে চলে সবাই। একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। আমার এক রুমমেটের জন্মদিনের আগের দিনের কথা। বন্ধুর প্রেমিকা একটা শার্ট, একটা প্যান্ট আর এক জোড়া স্যান্ডেল উপহার দিল তাকে। পরদিন সকালে ওসব পরে বন্ধুটি তার প্রেমিকার সঙ্গে ঘুরতে যাবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তার মাথায় হাত। অনেক খুঁজে পেতে দেখে, নতুন জামাকাপড় কিছুই নেই! ততক্ষণে রুমের বাকিরা ওর নতুন শার্ট, প্যান্ট আর স্যান্ডেল পরে বের হয়ে গেছে।

ফেসবুক ভয়ংকর
হলে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সচেতন না হলে পাল্টে যেতে পারে পুরো জীবনকাহিনি! একবার এক রুমমেটসহ চা খেতে গেলাম বাইরে। সচেতন না হলে যা হয়, ফেসবুক থেকে লগআউট না করেই রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। একটু পর রুমে গিয়ে দেখি, সবাই আমাদের বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে! কেন? আমরা যখন বাইরে, তখন বাকি রুমমেটরা আমার ফেসবুকে ঢুকে একজনের সঙ্গে আরেকজনের ‘গট ম্যারিড’ পোস্ট দিয়ে দিয়েছে! এভাবে লগইন করে গেলে আপনার বিয়ে হয়ে যেতে, প্রেমে পড়ে যেতে পারেন, এমনকি একবার এক বন্ধু তো বাচ্চার বাবাই হয়ে গেল প্রায়! মানে তার আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছিল, ‘এক্সপেকটিং আ চাইল্ড!’

আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

জন্মদিনের চমক
রাত তখন ১২টা। এক বন্ধু ফোন করে বলল, ‘তাড়াতাড়ি কিছু টাকাপয়সা নিয়ে পলাশীর মোড়ে আয়! ফাহিম অ্যাকসিডেন্ট করেছে, ওকে হাসপাতালে নিতে হবে!’ প্রায় দৌড়ে গিয়ে দেখি বন্ধু আমার রাস্তায় শুয়ে আছে! দ্রুত সামনে গিয়েই দেখি, ফাহিম আমাকে দেখে ফিক ফিক করে হাসছে। ততক্ষণে পাশ থেকে সবাই এসে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল! ভাবছেন, অভিনব উইশ, আমার খুশি হওয়া উচিত? খুশি হওয়ার মতো কিছু ছিল না সেদিন! বন্ধুদের উদরপূর্তির পেছনে সেদিন কত টাকা খসেছিল, সেটা উপলব্ধি করলে আমার বুকটা একটু হালকা হতো!

বন্ধুদের সাহায্য
একবার রাস্তায় অ্যাকসিডেন্ট করলাম। খুবই খারাপ অবস্থা। কাছেই ঢাকা মেডিকেল, ওখানেই গেলাম। কোথা থেকে যেন দুই বন্ধু খবর পেল, ছুটে এল সঙ্গে সঙ্গে। আমি তখন বেডে শুয়ে আছি, হাতে ব্যান্ডেজ। ভাবলাম, বন্ধুরা সমবেদনা জানাতে এসেছে, খুশিই হলাম মনে মনে! ওরা জিজ্ঞেস করল, ‘কিরে, কীভাবে অ্যাকসিডেন্ট করলি?’ অ্যাকসিডেন্টের বিশদ বর্ণনা দিলাম আরও বেশি সহমর্মিতা পাওয়ার লোভে। ওরাও খুব মনোযোগ দিয়েই সব শুনল। তারপর? ‘মেইন রোডে কেউ এভাবে সাইকেল চালায়?’ বলেই বাঁ গালে কষে একটা চড় দিল এক বন্ধু! সেই চড়ের দাগ দুদিন ছিল!