হলে থাকা মেয়ের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে ঢাকা থেকে যশোরে যাচ্ছিলাম। পাশের সিটে বসা ছেলেটির সঙ্গে পরিচয় হয়। তিনি চুয়েটে পড়েন। ঢাকায় কোথায় থাকি, হলে থাকি কি না! সেটি জানতে চান, উত্তরে ‘হ্যাঁ’ শুনে তাঁর যে মন্তব্য পেলাম, সেটার সারমর্ম হলো: তাঁর মামাতো বোন হলে থাকেন না। ফলে তিনি ভালো মেয়ে। প্রত্যুত্তরে তাঁকে যা বললাম, তাতে তিনি ভবিষ্যতে কাউকে এই প্রশ্ন জিজ্ঞেস করা তো দূরে থাক, নামটা জানতে চাওয়ার আগেও ভেবে দেখবেন। কিন্তু আমার এই সামান্য প্রতিবাদই কি সব? একটা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে পড়া শিক্ষার্থীর মন-মানসিকতা যদি এমন হয়, তাহলে তো সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নেই। অনেকেই হলে থাকা মেয়েদের প্রতি বাঁকা দৃষ্টিতে তাকান। কিন্তু তাঁরা একটিবারও চিন্তা করেন না, পরিবার-পরিজন ছেড়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসা এসব মেয়ের কথা। ঢাকা শহরে কয়জনের নিকটাত্মীয় থাকে, আর থাকলেও সেই আত্মীয়ের বাসায় যে তাঁর কোনো মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার হতে হবে না, তার নিশ্চয়তা কোথায়? সবকিছুর বিবেচনায় হলে থাকাটা কি নিরাপদ নয়? শুধু নিজেকে গড়তেই যাঁর এত ত্যাগ স্বীকার, তাঁকে কেন সমাজ এত কথা বলবে? অনেক ক্ষেত্রে দেখা যায়, পাত্রপক্ষ বিয়ের পাত্রী হলে থাকলে আপত্তি দেখায়। খোঁজ নিলে দেখা যাবে, সেই পাত্র নিজেও হয়তো একসময় হলে থেকেই পড়েছেন। মনে হয়, যুগ পাল্টায়, পাল্টাই না কেবল আমরা।
আত্মপক্ষ সমর্থন করতেই এত লিখছি তা নয়, আমি হলে থাকি বলেই জানি হলে থাকা মেয়েগুলোর অলিখিত কষ্ট, বেদনা ও দুঃখের কথা।
নাজমুন নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়