হলো পাইথন প্রোগ্রামারদের সম্মেলন

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পাইথন প্রোগ্রামিং ভাষার প্রোগ্রামারদের সম্মেলন৷ ‘পাইকন (পাইথন কনফারেন্স) ঢাকা ২০১৪’ নামে এই সম্মেলন গতকাল শনিবার রাজধানীর বনানীর নিউজক্রেড কার্যালয়ে সারা দিন ধরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের অন্যতম উদ্যোক্তা মুক্ত সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামিম শাহরিয়ার বলেন, ‘এখন থেকে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হবে৷ এ ছাড়া আমরা নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাইথন প্রোগ্রামিং শিখতে আগ্রহীদের নিয়ে আড্ডার আয়োজন করব৷’ সম্মেলনে ১৭০ জন পাইথন প্রোগ্রামার অংশ নেন৷
সম্মেলন আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘আসলে চাহিদা অনুযায়ী আমাদের দেশে পাইথন প্রোগ্রামার খুবই কম৷ এই আয়োজনের মাধ্যমে পাইথন প্রোগ্রামাররা আরও বেশি উৎসাহিত হবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্বিমিক কম্পিউটিং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক তাহমিদ রাফি, বিডিওএসএনের সমন্বয়ক প্রমি নাহিদ প্রমুখ।
পাইথন নিয়ে প্রতিবছরই বিশ্বের বড় বড় শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ পাইথন ইউজার গ্রুপ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও দ্বিমিক কম্পিউটিং স্কুল। অংশীদার ছিল বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। পৃষ্ঠপোষকতা করেছে নিউজক্রিড, ওয়াইডস্পেস, মুক্তসফট, বিডিজবস, ট্রান্সেনডিও, অনলাইন কেনাকাটা, ফাইন্ডার এলবিএস এবং নেসক্যাফে। সম্মেলনের বিস্তারিত: (www.dhaka.pycon.org)।