
উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন সবাই। ডাক পড়ার সঙ্গে সঙ্গেই উঠে এসে মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) ধারণাপত্রের বিস্তারিত উপস্থাপন করছেন বিচারকদের সামনে। বিচারকেরা চুলচেরা বিশ্লেষণ করছেন, ভুলত্রুটি ধরিয়ে দিচ্ছেন। তাঁরা নতুনত্ব খুঁজছেন, সময় উপযোগী অ্যাপসের পরিকল্পনার ওপর রাখছেন বিশেষ নজর। গতকাল শনিবার ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) এভাবেই হয়ে গেল ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫-এর প্রথম পর্বের উপস্থাপন। গতকাল শুধু ঢাকা শহরে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী ২২০টি দল ধারণাপত্র উপস্থাপন করে। ৩২ জন বিচারক কয়েকটি ভাগে বিচারকাজে অংশ নেন। ঢাকার বাইরের দলগুলোর উপস্থাপন পর্বের তারিখ পরে জানানো হবে। সকালে এই উপস্থাপনা পর্ব পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি বলেন, ‘বর্তমান সময়ে আমরা আইসিটিতে নির্ভরশীল হয়ে পড়েছি। আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। কিচ্ছু হচ্ছে না, কিছু হবে না—এমন বলে তরুণ প্রজন্মকে হতাশ করা যাবে না। আমরা সৃষ্টিশীল কাজকে প্রাধান্য দিচ্ছি, যার শুরু বিশ্ববিদ্যালয় চত্বর থেকেই।’
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজির আহমেদ, ভারপ্রাপ্ত উপাচার্য গৌর গোবিন্দ গোস্বামী, এথিক্স অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদসহ অনেকে।
এম এ মুবিন খান বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে একসঙ্গে সব দলের উপস্থাপনা গ্রহণ করা সম্ভব হয়নি। পরে ঢাকার বাইরের প্রতিযোগীদের জন্য আলাদা করে উপস্থাপনা নেওয়া হবে। তারপর, পরবর্তী পর্বের জন্য নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ পাবে।