হাঁপানি কমাতে ফলমূল
যাদের অ্যালার্জি, হাঁপানি বা একজিমা-জাতীয় রোগ আছে, তাদের প্রতিরোধক্ষমতা বাড়াতে অনেকটাই সাহায্য করবে তাজা ফলমূল ও শাকসবজি। শীতের এই সময়ে আবহাওয়ার পরিবর্তন ও পরিবেশের ধুলাবালু হাঁপানি ও অ্যালার্জির প্রকোপ দেয় বাড়িয়ে। আবার এই সময়ে বাজারে ওঠে অনেক শাকসবজি। রোগের সঙ্গে যুদ্ধ করতে গবেষকেরা এসব তাজা শাকসবজি বেশি করে খেতে উৎসাহ দিচ্ছেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ফলমূল ও শাকসবজির অ্যান্টি-অক্সিডেন্ট গুণাগুণ হাঁপানি প্রতিরোধে কার্যকর। অ্যালার্জি ও হাঁপানির রোগীদের রক্তে কিছু অ্যান্টি-অক্সিডেন্ট, যেমন: লাইকোপিন, জ্যানথিন, বিটা ও আলফা কেরোটিন ইত্যাদি কম। আর এগুলো প্রচুর পরিমাণে মিলবে এ সময়ের টমেটো, গাজর, কমলা, মালটা ইত্যাদিতে। আর যারা নিয়মিত এগুলো গ্রহণ করে, তাদের হাঁপানির তীব্রতা কমে—এটা পরীক্ষিত সত্য। আর এ সুফল পেতে দিনে অন্তত পাঁচ পদের ফলমূল ও সবজি খাওয়া চাই। সূত্র: নিউট্রিশন ফ্যাক্ট|