হাই-টেক পার্ক সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইটি/আইটিইএস/হাই-টেক পার্ক পলিসি অ্যান্ড রোডম্যাপ শীর্ষক এক কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ সংশ্লিষ্টরা। ছবি: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সৌজন্যে।
আইটি/আইটিইএস/হাই-টেক পার্ক পলিসি অ্যান্ড রোডম্যাপ শীর্ষক এক কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ সংশ্লিষ্টরা। ছবি: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সৌজন্যে।

দেশে তথ্যপ্রযুক্তি ও হাই-টেক পার্ক সংশ্লিষ্ট নীতিমালা ও রোডম্যাপ তৈরি বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা যোগ দেন।
‘ফরমুলেটেড অ্যা ড্রাফট পলিসি অ্যান্ড রোডম্যাপ ফর আইটি/আইটিইএস/হাই-টেক’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। আর বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার।
প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে আইটি/আইটিইএস বা হাই-টেক শিল্প পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিল্পের বিকাশে একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। নীতিমালা প্রণয়নে বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের ১০টি নির্ণায়ক, ম্যাকেনসে এলওসি রেডিনেস সূচক প্রভৃতি বিবেচনায় নেওয়া হয়েছে।

হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন ভারতের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়াংয়ের পরামর্শক অখিলেশ সউরিখিয়া। এতে অন্যান্যের মধ্যে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার ও অ্যাসোসিওর সাবেক প্রেসিডেন্ট আব্দুল এইচ কাফি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাই-টেক পার্ক সংশ্লিষ্ট বক্তারা বলেন, বিশ্বমানের ব্যবসা পরিবেশ সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা আর দেশীয় শিল্প উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে দেশের বিভিন্ন স্থানে হাই-টেক ও আইটি পার্ক স্থাপন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।