হাইটেক পার্ক উন্নয়নে প্রস্তাব আহ্বান করা হবে
কালিয়াকৈরে অবস্থিত দেশের প্রথম হাইটেক পার্কে শিল্প স্থাপনা গড়ে তোলার লক্ষ্যে পার্কের উন্নয়নের জন্য দেশি ও বিদেশি পার্ক উন্নয়নকারীদের কাছ থেকে আগ্রহ-প্রস্তাব আহ্বান করা হবে। গত মঙ্গলবার বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পার্কে শিল্প, গবেষণা উইং স্থাপনে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে প্রস্তাবনা গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান এবংআইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। সভায় জানানো হয়, ইতিমধ্যে সরকার ৭২ সদস্যবিশিষ্ট হাইটেক পার্ক কর্তৃপক্ষের অফিস অনুমোদন করেছে। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের মাধ্যমে অচিরে কর্তৃপক্ষের লোকবল নিয়োগ করা হবে। সভায় উপস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রতিনিধিরা পার্ক এলাকায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে তোলার অনুরোধ করেন। এ লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, আইন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, বেসিসের সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক