হাইটেক পার্ক নিয়ে ডিজিটাল বাংলাদেশ সাইটে বিভ্রান্তিকর তথ্য
ডিজিটাল বাংলাদেশের ওয়েবসাইটে (www.digitalbangladesh.gov.bd) গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত সরকার বাতিল করেছে বলে এক তথ্য প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প প্রকাশিত ডিজিটাল বাংলাদেশের এই ওয়েবসাইটে ৬ আগস্টের একটি ব্লগ-সংবাদে এ তথ্য পাওয়া যায়। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।‘সফটওয়্যার পার্ক হচ্ছে জনতা টাওয়ারে’ শিরোনামের এ সংবাদে বলা হয়েছে, ঢাকার কারওয়ান বাজারের জনতা টাওয়ারেই শুরু হতে যাচ্ছে দেশের প্রথম সফটওয়্যার পার্ক। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাস্কফোর্স বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়’ বলে সংবাদে উল্লেখ করা হয়। সংবাদটিতে এটুআই প্রকল্পের নীতিমালা বিশেষজ্ঞ আনীর চৌধুরীর বরাত দিয়ে বলা হয়েছে, ‘সরকারের কালিয়াকৈরে ও মহাখালীতে সফটওয়্যার পার্ক তৈরির চিন্তা থাকলেও পরে তা বাতিল করা হয়। সিগন্যাল-সুবিধাসহ অন্যান্য কথা চিন্তা করে জনতা টাওয়ারকে দেশের প্রথম সফটওয়্যার পার্কের জন্য নির্বাচন করা হয়।’ এ ব্যাপারে আনীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কালিয়াকৈরের হাইটেক পার্ক বাতিল করা হয়েছে, এমন কথা আমি কখনোই কাউকে বলিনি। টাস্কফোর্সের সভায় জনতা টাওয়ারে স্বতন্ত্র একটি সফটওয়্যার পার্ক তৈরির কথা বলা হয়েছে।’ জানা গেছে, ডিজিটাল বাংলাদেশের এ সাইটটি এটুআই প্রকাশ করে। এতে প্রকাশিত তথ্য সরবরাহ করে টুইস্টার মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান। তবে ইন্টারনেটে তথ্য প্রকাশের (আপলোড) আগে এটুআইয়ের অনুমোদন নিতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার কালিয়াকৈরে ২৩২ একর জমিতে নির্মীয়মাণ হাইটেক পার্ক তৈরির প্রক্রিয়া বাতিল করেনি। ৩ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভায় জনতা টাওয়ারকে আইসিটি-শিল্পের কাজে ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে সভায় উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন। টাস্কফোর্সের সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার প্রথম আলোকে জানান, ওয়েবসাইটে প্রকাশিত সংবাদটি সঠিক নয়। টাস্কফোর্সের সভায় জনতা টাওয়ারকে আইসিটির জন্য ব্যবহারের কথা আলোচনা হয়েছে। কিন্তু কালিয়াকৈরের হাইটেক পার্ক বাতিলের ব্যাপারে কোনো কিছুই আলোচনা হয়নি। বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব এবং হাইটেক পার্কের নিয়োগপ্রাপ্ত প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘সংবাদটি মোটেই সঠিক নয়। কালিয়াকৈরের হাইটেক পার্কে মৌলিক অবকাঠামো ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। সেখানে ভবন নির্মিত হয়েছে এবং বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ নেওয়া হয়েছে। শিগগিরই বিনিয়োগকারীদের জন্য প্যাকেজ ঘোষণা করা হবে।’ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইটে তথ্যের এই বিভ্রান্তি নিয়ে এটুআইয়ের নীতিমালা বিশেষজ্ঞ আসিফ সালেহ গতকাল বুধবার প্রথম আলোকে জানান, অসাবধানতাবশত এই ভুল তথ্য প্রকাশিত হয়েছে। অচিরেই এটি প্রত্যাহার করে নেওয়া হবে। কীভাবে ভুলটি হলো তাও খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।প্রসঙ্গত, গত সোমবার গভীর রাতে এই সাইট বেদখল (হ্যাকড) হয়ে যায়। মঙ্গলবার সকাল পর্যন্ত নীল চোখের একটি মুখচ্ছবি শোভা পাচ্ছিল এর প্রথম পৃষ্ঠায়। তার পাশে লেখা ‘হ্যাকড বাই টি৩৪এম এরর’। এরপর এই ছবি অপসারণ করা হলেও এ সাইটে মঙ্গলবার ঢোকা যায়নি। গতকাল বুধবার সাইটটি আবার সক্রিয় হয়, তবে বাংলা সংস্করণে অক্ষরগুলো ঠিকমতো দেখা যায়নি। —নিজস্ব প্রতিবেদক