হাইটেক পার্কে উদ্যোক্তাদের সমাবেশ
তথ্যপ্রযুক্তি খাত যেদিন এগিয়ে দেবে দেশকে, সেদিন বাংলাদেশ বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার জন্য হাইটেক পার্কের প্রয়োজন সবচেয়ে বেশি। গতকাল রোববার গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের জমিতে এক সম্মিলনে এমনই মত দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিল্পের উদ্যোক্তারা। সম্মিলনে ‘আইসিটি শিল্পের বিকাশে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইসিটি ইনকিউবেটরের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। এ জন্য সরকার হাইটেক পার্ক গড়ে তুলবে। হাইটেক পার্কে শিল্প স্থাপনে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে আলোচকেরা বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে হবে দেশকে, এ জন্য তথ্যপ্রযুক্তি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আলোচকেরা আশা করেন, কালিয়াকৈরের হাইটেক পার্কের পাশাপাশি ঢাকায় তথ্যপ্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ও দেশের রপ্তানি আয় বৃদ্ধির জন্য টেকনোলজি পার্ক এবং প্রযুক্তি কেন্দ্র গড়ে তুলতে হবে। বর্তমান ইনকিউবেটরের আদলে আরও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করে আইসিটি ইনকিউবেটর প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা উচিত বলে জানান আলোচকেরা। এ আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসানসহ অনেকে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বেসিসের সদস্য মুশফিকুর রহমান, মঞ্জুর মাহমুদ ও মাহমুদুর রহমান। বেসিসের সদস্যরা হাইটেক পার্কে গাছের চারারও রোপণ করেন। —তারিকুর রহমান খান