হাইটেক পার্কে হবে তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে শুধুই সফটওয়্যার বা সেবা খাতই নয়, এখানে এমন একটি উন্নত তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে যেখানে দেশের বাইরে থেকেও শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ইনস্টিটিউটও গড়ে তোলা হবে। সবমিলিয়ে এখন এ পার্কে রয়েছে ৩২৫ একর জমি।আন্তর্জাতিক মানের সুবিধা করতে এতে থাকবে উন্নত যোগাযোগব্যবস্থা।গতকাল বুধবার হাইটেক পার্ক পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময়ে তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি খুব দ্রুত হাইটেক পার্কটি চালু হবে।’ পরিদর্শনকালে রেলমন্ত্রী মজিবুল হক বলেন, এখানে একটি রেলস্টেশনও করা হবে।এ সময়ে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ এবং বেসিস সভাপতি শামীম আহসান। বর্তমানে হাইটেক পার্কে তিনতলাবিশিষ্ট ৩০ হাজার স্কয়ার ফিটের একটি ভবন তৈরি করা হয়েছে। আগামী জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ হবে বলে জানা গেছে। হাইটেক পার্কের আশপাশে পৌরসভার ভেতরে স্থানীয়দের জন্য সরকারিভাবে চলাচলের জন্য সুন্দর মনোরম রাস্তা তৈরি হচ্ছে। —রাহিতুল ইসলাম