আগামী ১০ বছরের মধ্যে হাইটেক পার্কে ৭০ হাজার দক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। ২০২১ সাল নাগাদ প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার যে ভিশন নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন, সেটি সফল করতে এই হাইটেক পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি রাস্তার উদ্বোধন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ টেকনোসিটি লিমিটেডের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, পার্কের প্রকল্প পরিচালক এস এম শফিকুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবির প্রমুখ।
প্রতিমন্ত্রী জানান, এখানে এরই মধ্যে সড়কবাতি বসানো ও সেতু নির্মাণ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ করা হয়েছে। ২০১৭ সালের মধ্যে এখানে শিল্পকারখানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করার জন্য আগামী ১০ বছর এখানে কোনো করপোরেট কর থাকবে না এবং এ রকমের আরও কিছু অর্থনৈতিক সুযোগ-সুবিধা ঘোষণা করা হয়েছে। যে কারণে জাপান, সৌদি আরব, মালয়েশিয়া ও ভারতের বেশ কিছু প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এই হাইটেক পার্কের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।