হাইতিতে পুনর্বাসন ও উদ্ধারকাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে ভূমিকম্প-দুর্গতদের বিভিন্নমুখী সহায়তা দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির। যোগাযোগের সামাজিক সাইট ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে সেখানকার সার্বক্ষণিক হালনাগাদ তথ্য আদান-প্রদানের পাশাপাশি বিশ্ববাসীর কাছে ক্ষণে ক্ষণে সাহায্যের আবেদনও পৌঁছে দেওয়া হচ্ছে। গুগল ও ফেসবুক এখন তৈরি করছে নিখোঁজ ব্যক্তিদের তালিকা। ফেসবুকের একটি অনলাইন গ্রুপ ‘আর্থকোয়েক হাইতি’তে এ পর্যন্ত প্রায় এক লাখ ৬০ হাজার নিখোঁজ ব্যক্তির তালিকা লিপিবদ্ধ হয়েছে। দেশটির স্বাভাবিক টেলিযোগাযোগব্যবস্থা বিধ্বস্ত হওয়ার পর থেকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিকল্প পথে আপত্কালীন টেলিসংযোগ স্থাপনে সহায়তা করে যাচ্ছে কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের অঙ্গসংগঠন টেলিকম সান ফ্রন্টিয়ার্স টেলিযোগাযোগব্যবস্থাকে স্বাভাবিক করে তোলার লক্ষ্যে হাইতিতে দুটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। তারা হাইতির দুর্গত জনসাধারণকে টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে বহির্বিশ্বে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করানো থেকে শুরু করে আরও বিভিন্নধর্মী সেবা দিয়ে যাচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থাও খাদ্যসামগ্রীর পাশাপাশি হাইতিতে তথ্যপ্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। ‘উশাহিদি’ নামের আরেকটি ওয়েবসাইট ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন ধরনের মানচিত্র, তালিকা ও বিশ্লেষণধর্মী তথ্য দিয়ে উদ্ধারকাজে সহায়তা করছে। হাইতির স্থানীয় সাংবাদিকেরাও ওয়েবের মাধ্যমে তাঁদের জ্ঞাত তথ্য আদান-প্রদান করছেন। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক ছবি এবং ভিডিও ক্লিপিংসও স্থানীয় অধিবাসীরা মোবাইল ফোনসেটের মাধ্যমে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তবে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের পাশাপাশি ইন্টারনেটে কিছু অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্যও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। —বিবিসি অবলম্বনে সুজয় দাস