হাইব্রিড যন্ত্র নিয়ে আসছে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় প্রযুক্তি ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি একটি নতুন হাইব্রিড যন্ত্রের ট্রেডমার্ক করিয়েছে। ‘স্যামসাং হিট’ নামের এ যন্ত্রটিতে একই সঙ্গে থাকছে অনেক কিছু। একে তিনটি ভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল ক্যামেরা, ট্যাবলেট এবং স্মার্টফোন। ডাচ সাইট কোপেনগ্যালাক্সিস ৫-এর তথ্যানুযায়ী, হাইব্রিড যন্ত্রটির তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। যন্ত্রটি আসলে স্যামসাং হিট, এটি গ্যালাক্সিএস৫ নয় এমন তথ্যও ইতিমধ্যে জানা গেছে। স্মার্টফোন এবং ট্যাবলেট উভয়ই এই হাইব্রিড যন্ত্রের অংশ হিসেবে ইতিমধ্যে বেঞ্চমার্কে উঠে এসেছে। এদের কোডনেম হলো স্যামসাং এসএম-জি ৯০০এ, এসএম-জি ৯০০এফ এবং এসএম-জি ৯০০এস। এই মডেলগুলো স্যামসাং গ্যালাক্সিএস৫-এর বিভিন্ন নমুনা হিসেবে বিবেচনা করা হয়েছিল, তবে সেগুলো সম্পূর্ণ ভিন্ন যন্ত্র হতে পারে।
অন্য একটি তথ্যমতে, স্যামসাং হিট ট্যাবলেটের পর্দা হবে মূলত ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল রেজল্যুশনের, যেখানে স্মার্টফোনের পর্দার অংশটি হবে সম্পূর্ণ এইচডি (১০৮০পি) ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। উভয় যন্ত্রেই বিভিন্ন রকম বেঞ্চমার্ক পাওয়া গেছে যেমন অ্যানটুটু এবং জিএফএক্স বেঞ্চমার্ক। কাজেই সহজেই বলা যায়, এগুলো সত্যিই অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট। নতুন হাইব্রিড ডিভাইসটি নিশ্চিতভাবে আসুসের প্যাডফোন মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। অবশ্য স্যামসাংয়ের এই স্মার্টফোন কিংবা ট্যাবলেটের দাম কত হবে সে ব্যাপারে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, শিগগিরই এটি বাজারে আসবে। এও শোনা যাচ্ছে, আগামী কনজিউমার ইলেকট্রনিক শোতে (সিইএস) স্যামসাং তাদের এই হাইব্রিড ডিভাইসটি প্রদর্শন করবে।
—সফটপেডিয়া অবলম্বনে প্রদীপ সাহা