হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। ছবি: বিজ্ঞপ্তি
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। ছবি: বিজ্ঞপ্তি

বিজয়ীদের নিয়ে আজ রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর চূড়ান্ত পর্ব। এতে আঞ্চলিক পর্যায়ের কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৯৬৮ জন এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ী ৩১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

আজ সকাল নয়টায় বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। উদ্বোধনের পর শুরু হয় ৩০ মিনিটের কুইজ প্রতিযোগিতা ও তিন ঘণ্টাব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে প্রোগ্রামিং প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে মোট ৪০ জন এবং কুইজ প্রতিযোগিতায় জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারিতে মোট ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জুনাইদ আহমেদ বলেন, ‘এই তরুণ প্রজন্মই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে। আমাদের তরুণদের তথ্যপ্রযুক্তির জ্ঞান সম্পর্কে ভালো ধারণা দিতে হবে। শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করতে হবে। কম্পিউটার নিজস্ব ভাষা আছে। সেই ভাষা আমাদের জানতে হবে। প্রোগ্রামিংয়ের সেই ভাষা জেনে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। প্রোগ্রামিং শুধু কম্পিউটার প্রকৌশলীদের জানলে চলবে না, সব পেশাজীবীকে এগিয়ে যেতে প্রোগ্রামিংয়ের বিকল্প নেই।’

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান স্বাগত বক্তব্যে বলেন, এ আয়োজন সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি আয়োজন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং ছড়িয়ে দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সুপুন বিরা সিংহে।
এর আগে এই আয়োজনের আওতায় ৬৪ জেলায় ৭০০ হাইস্কুলে প্রচারণামূলক অ্যাকটিভেশন কার্যক্রমে দুই লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অন্যদিকে, ১৬টি জেলায় আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা সম্পন্ন করা হয়, যেখানে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ ছাড়া মেন্টরস ট্রেনিং, অনলাইন মেন্টরশিপ ও ফোরাম আলোচনা পরিচালনা করা হয়।

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজনে রয়েছে আইসিটি ডিভিশন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, একাডেমিক সহযোগিতায় কোড মার্শাল, পার্টনার হিসেবে আছে কিশোর আলো, এটিএন নিউজ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।