হাওরবিলাস

হাওরের শান্ত জলে আপন মনে সাঁতার কাটে পানকৌড়ি। ছোট্ট সরু ঠোঁটে মাছ চেপে উড়ে যায় মাছরাঙা। হাওরে এ রকম কত দৃশ্যই চোখে পড়ে। নৌকায় চড়ে ভাসতে ভাসতে এসব দৃশ্য দেখে এগিয়ে চলে একদল তরুণ। এঁদের বেশির ভাগই শিক্ষার্থী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে পড়েন। কজন পড়াশোনা শেষ করে পেশাজীবনে প্রবেশ করেছেন মাত্র। ৩১ জনের দল। প্রত্যেকের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। ঈদের ছুটিতে সবাই এক হয়েছিলেন। তারপর আনন্দ ভাগাভাগি করতে হাওর-ভ্রমণের পরিকল্পনা।পরিকল্পনার অংশ হিসেবে ৯ আগস্ট বেরিয়ে পড়েন তাঁরা। ডুমরা গ্রাম থেকে নৌকাযোগে রওনা হয়ে হুগলি, বাহাতি, পুটিয়া, কচুয়া ও ছায়ার হাওরে চলে অভিযাত্রীদের ভ্রমণবিলাস।ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের এলএলএমের শিক্ষার্থী সুবীর নন্দী দাশ বলেন, ‘হাওরের বিশালতা যতই দেখি, ততই মুগ্ধ হই। এ ভ্রমণ এককথায়—অসাধারণ।’নেত্রকোনার কৃষ্ণপুর ডিগ্রি কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শিশির রঞ্জন দাশ বলেন, ‘হাওরের লিলুয়া বাতাসে ভাটিয়ালি গানের সুরে আমরা নেচেছি।’ বন্ধুদের নিয়ে ‘হাওরবিলাস’ আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত হিমাদ্রী সরকার ও বিক্রমজিত রায়। তাঁরা জানান, আগামী ঈদের ছুটিতেও বন্ধুদের নিয়ে এ রকম হাওরবিলাস পর্বের আয়োজন করা হবে। সে ভ্রমণে শাল্লা উপজেলার কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবেন।