হাওয়াই দ্বীপের মাটির সঙ্গে মঙ্গলের মিল!
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো কিউরিওসিটি রোভার মঙ্গল গ্রহের মাটির নমুনা পরীক্ষা করে বিস্ময়কর ফল পেয়েছে। কিউরিওসিটির চেমিন নামের যন্ত্রপাতি ব্যবহার করে মঙ্গলের মাটি পরীক্ষার পর দেখা গেছে মঙ্গল গ্রহের ওই মাটির নমুনার সঙ্গে হাওয়াই দ্বীপের মাটির মিল রয়েছে। খবর বিবিসি অনলাইনের।৩০ অক্টোবর নাসার গবেষকরা জানিয়েছেন, মঙ্গলগ্রহের মাটির নমুনার সঙ্গে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ফলে সৃষ্ট মাটির যথেষ্ট মিল পাওয়া গেছে। মাটির নমুনায় ব্যাসল্ট বা আগ্নেয়শিলার উপাদান রয়েছে। মূলত মঙ্গলগ্রহের ঝড় বা মাটির ক্ষয় থেকে এ বালু-কণা তৈরি। এতে খনিজ পদার্থের অস্তিত্ব রয়েছে।গবেষকেরা জানিয়েছেন, কিউরিওসিটির এক্সরে ব্যবহার করে এ মাটির নমুনা পরীক্ষা করা হয়েছে। বালির কণার মতো এ মাটির নমুনা মঙ্গলগ্রহের সাম্প্রতিক সময়ের ভূগঠন সম্পর্কিত তথ্য জানতে সাহায্য করবে। এর আগে মঙ্গল গ্রহে পাথর বিশ্লেষণ করে কিউরিওসিটি এবং তা আগ্নেয়শিলা বলে চিহ্নিত করেন গবেষকরা। আগ্নেয় শিলা বিশ্লেষণের আগে মঙ্গল গ্রহে প্রাচীন নদীর অস্তিত্ব থাকার প্রমাণ দিয়েছে কিউরিওসিটি। ৬ আগস্ট সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টা ৩২ মিনিটে মঙ্গলের মাটিতে অবতরণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীদের পাঠানো কিউরিওসিটি নামের রোবট-যানটি। কিউরিওসিটির এখনকার গন্তব্য হচ্ছে গ্লেনেগ্ল। গবেষকরা ধারণা করছেন, গ্লেনেগ্ন-এর পাথর বিশ্লেষণ করে তারা আশানুরূপ ফল পাবেন। মঙ্গল গ্রহে অণুজীবের সন্ধান করছে কিউরিওসিটি।