হাজারো মানুষের স্বতঃস্ফূর্ততায় রামপালে জ্ঞানমেলা

তথ্যপ্রযুক্তি ও লোকজ নানা বিষয় নিয়ে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গতকাল শনিবার বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প নবমবারের মতো এ মেলার আয়োজন করে।
সকালে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেক। এ সময় তিনি বলেন, ‘একটি গ্রামকে আলোকিত করার জন্য আমাদের গ্রামের এই উদ্যোগ রীতিমতো অনুকরণযোগ্য। এ ধরনের মেলা ছড়িয়ে দিতে হবে।’
মেলায় ‘গ্রামের জন্যে চাই ব্রডব্যান্ড ইন্টারনেট’ শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করেন সুন্দরবন কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক গোলাম ইয়াসীন। জ্ঞানমেলা ২০১৫ উদ্যাপন পরিষদের আহ্বায়ক শেখ জলিল বলেন, ‘জ্ঞানের বিস্তার শুধু শহরে নয়, গ্রামে ছড়িয়ে দেওয়ার জন্য ২০০৪ সালে এ আয়োজন আমরা শুরু করেছিলাম।’
অনুষ্ঠানে বক্তৃতা করেন আমাদের গ্রামের প্রকল্প ব্যবস্থাপক তাহমিনা ফেরদৌস, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার রায় প্রমুখ। সভাপতিত্ব করেন রামপাল সদর ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামপাল কলেজের প্রভাষক সাইফুল আলম বখতিয়ার।
গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে এমন সব বৈশিষ্ট্যই ছিল এই মেলায়। নাগরদোলা, চরকি আর নানা রকম স্টলে উৎসবমুখর ছিল মেলা প্রাঙ্গণ। ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার হোক সহজলভ্য’ স্লোগানে মেলায় অংশ নিয়েছিল ১৫টি স্টল। এসব স্টলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে জীবন যাপন উন্নত করা যায় এবং গ্রামের উন্নয়ন করা যায় সেসব প্রদর্শিত হয়। এই মেলায় শিক্ষার্থীদের জন্য গণিত, দাবা, ক্যারম, সংগীত, নৃত্য, বিতর্ক ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতাও ছিল। মেলা উদ্বোধনের আগে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের নেতৃত্বে একটি মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীরা এ ম্যারাথনে অংশ নেন। স্কুল মাঠ থেকে শুরু হয়ে রামপাল বাসস্ট্যান্ড চত্বর ঘুরে স্কুলে এসে এ ম্যারাথন শেষ হয়।