হাত নেড়েই পাসওয়ার্ড!
পাসওয়ার্ডের বিকল্প হিসেবে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। ইনটেলের নতুন প্রযুক্তিতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাত নেড়েই পাসওয়ার্ডের বিকল্প হিসেবে ই-মেইল, অনলাইন ব্যাংকিং ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করা যাবে। আজ শুক্রবার রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়। পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প হিসেবে ট্যাবলেট কম্পিউটার ও ল্যাপটপের জন্য নতুন সফটওয়্যার ও বায়োমেট্রিক সেন্সর তৈরির কাজ করছে ইনটেল। এই প্রযুক্তিতে মানুষের হাতের তালুতে থাকা শিরার ধরণ বিশ্লেষণ করা হবে। ইনটেল ল্যাবের কম্পিউটার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ শ্রীধর ইয়েংগার পাসওয়ার্ডের বিকল্প পদ্ধতি প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা আলাদ আলাদা ওয়েবসাইটের জন্য পৃথক পাসওয়ার্ড করি। অনেক সময় পাসওয়ার্ড মনে রাখা কঠিন হয়ে পড়ে, কারণ নিরাপত্তার কথা ভেবে জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা এড়ানো পথ খোলা রয়েছে। এর মধ্যে বায়োমেট্রিক একটি পদ্ধতি হতে পারে।’ইয়েংগার জানিয়েছেন, ইনটেল উদ্ভাবিত ‘হাতের তালু শনাক্তকরণ’ পদ্ধতিতে ট্যাবলেটের স্ক্রিনে হাত স্পর্শ করতে হবে না বরং সামনে হাত নাড়াতে হবে। আর হাতের শিরা বিশ্লেষণ করেই ব্যবহারকারীকে শনাক্ত করতে সক্ষম হবে ইনটেলের নতুন এ প্রযুক্তি।গবেষকেরা জানান, এই পদ্ধতি আঙুলের ছাপের স্ক্যানার পদ্ধতির চেয়েও উন্নত হবে। বর্তমানে এ পদ্ধতিটির উন্নয়নে কাজ চলছে। এ পদ্ধতিতে নতুন করে কোনো চিপ তৈরি করা প্রয়োজন পড়বে না বলে জানান ইনটেলের গবেষকরা।