হাতঘড়ি আর গেম কনসোল তৈরি করছে গুগল
গুগলের ‘প্রযুক্তি চশমা’ চমকের পর পরবর্তী চমক হতে পারে গুগলের হাতঘড়ি ও গেম কনসোল। গেম ভক্তদের জন্য সুখবর। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ভিডিও গেম কনসোল তৈরি করতে পারে গুগল। গুগল ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ভবিষ্যতে গেম কনসোল ও স্মার্টওয়াচ তৈরি করবে গুগলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপল। আর অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই অ্যান্ড্রয়েডনির্ভর গেম কনসোল ও স্মার্টওয়াচ তৈরি করকে গুগল। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমান অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার কারণে ট্যাবলেট ও স্মার্টফোনের বাইরেও অ্যান্ড্রয়েডনির্ভর পণ্য তৈরির কথা ভাবছে গুগল। অবশ্য, গুগলের কোনো কর্মকর্তা এ প্রসঙ্গে আনুষ্ঠানিক মন্তব্য করেননি।বাজার বিশ্লেষকেদের ধারণা, অ্যান্ড্রয়েডনির্ভর গেম কনসোল বাজারে আনলে গুগলকে মাইক্রোসফট ও সনির গেম কনসোলের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এদিকে, ২০১২ সালের ২ অক্টোবর যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আধুনিক প্রযুক্তির একটি হাতঘড়ির পেটেন্টের আবেদন করেছে গুগল। গুগলের পেটেন্ট আবেদন অনুসারে, গুগল হাতঘড়িটিতে থাকবে সময় দেখার সুবিধার পাশাপাশি আলাদা আরেকটি টাচস্ক্রিন পর্দা, যা ঘড়ির ঢাকনার পাশাপাশি আলাদা ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। এ ডিসপ্লের সাহায্যে দিক নির্ণয় করা, কোনো তথ্য অনুসন্ধান করা, ই-মেইল-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।গুগলের প্রযুক্তি চশমাএ বছরের ৪ এপ্রিল গুগল আনুষ্ঠানিকভাবে একটি ভিডিওর মাধ্যমে তাদের প্রযুক্তি চশমা বা গ্লাস আনার তথ্য দিয়েছে। গুগলের তৈরি এ চশমা খুবই পাতলা, যা কপালের ওপর লাগিয়ে রাখতে হয়। এর ডান কোনায় বসানো রয়েছে ছোট আরও একটি গ্লাস, যার মাধ্যমে ব্যবহারকারীর কাছে তথ্য পৌঁছায়। ব্যবহারকারী তাঁর চোখের সামনে ফুটে ওঠা অ্যাপ্লিকেশন কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ছবি তোলা, ভিডিও করা, আবহাওয়ার তথ্য জানার মতো কাজগুলো করতে পারেন।