হাতুড়ে দন্তচিকিৎসকদের রমরমা ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাওয়ালপিন্ডিতে রাস্তার পাশে এক হাতুরে দন্তচিকিত্সক এক রোগীকে চিকিত্সা দিচ্ছেন
রাওয়ালপিন্ডিতে রাস্তার পাশে এক হাতুরে দন্তচিকিত্সক এক রোগীকে চিকিত্সা দিচ্ছেন

নোংরামতো রাস্তার পাশে ছোট একটা সেতু। সেই সেতুর ফুটপাতের এক কোণে কিছু নোংরা যন্ত্র, তরলে ভরা কয়েকটি বোতল আর নানা আকারের দাঁত সারি সারি করে রাখা। এটা দন্তচিকিৎসক নুরুদ্দিনের ভ্রাম্যমাণ ক্লিনিক।
দাঁতের চিকিৎসা বিষয়ে নুরুদ্দিনের শিক্ষাগত কোনো ডিগ্রি নেই। তবে দাঁতের যেকোনো সমস্যার দ্রুত সমাধান দেন তিনি। নানা ছলচাতুরী ও কথার মারপ্যাঁচে তিনি রোগীদের তাঁর ফাঁদে ফেলেন। ডিগ্রিধারী চিকিৎসকের কাছে গিয়ে ব্যয়বহুল দাঁতের চিকিৎসা করানোর সামর্থ্য যাঁদের নেই, সেই দরিদ্র জনগোষ্ঠীই তাঁর গ্রাহক। চিকিৎসকের ডিগ্রি নিয়ে চিন্তা করার অবস্থা তাঁদের নেই। দাঁতের অসুখ থেকে মুক্তি পেলেই সন্তুষ্ট তাঁরা। এভাবে ২০ বছর ধরে চলছে নুরুদ্দিনের চিকিৎসালয়টি।
শুধু নুরুদ্দিন নন, পাকিস্তানের নগর-শহরের ফুটপাতে অবৈধভাবে দাঁতের চিকিৎসা দিচ্ছেন ১৩ হাজারেরও বেশি হাতুড়ে দন্তচিকিৎসক। যে দেশে এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, সে দেশে দরিদ্র রোগী পেতে এঁদের কোনো সমস্যা হয় না।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ৭৮ শতাংশ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়া থেকে বঞ্চিত। বেশির ভাগ লোকই ব্যক্তিগত খরচে স্বাস্থ্যসেবা নিতে অক্ষম। চিকিৎসাবিষয়ক বিখ্যাত সাময়িকী ল্যানসেট এক প্রতিবেদনে বলেছে, পাকিস্তানে স্বাস্থ্য বিমার ব্যবস্থা নেই। নাগরিকদের নিজের অর্থে চিকিৎসা ব্যয় মেটাতে হয়। দেশটির জিডিপির ১ শতাংশেরও কম স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়। অর্থাৎ বাজেটের মাত্র ৪ শতাংশ এই খাতে ব্যয় হয়। জনস্বাস্থ্য নিয়ে সমন্বিত কোনো নীতিমালা না থাকায় প্রান্তিক জনগোষ্ঠীকে মৌলিক স্বাস্থ্যসেবা দিতে পাকিস্তানের সরকারকে হিমশিম খেতে হয়। এ সুযোগে প্রসার বাড়ছে হাতুড়ে দন্তচিকিৎসকদের।
পাকিস্তান ডেন্টাল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এসব হাতুড়ে চিকিৎসক দেশের শহর ও নগরের সড়কের ফুটপাতে পসরা মেলে বসেন। এঁদের উচ্ছেদে কর্তৃপক্ষ মাঝেমধ্যে অভিযান চালায়। তাতে খুব একটা লাভ হয় না। এক স্থান থেকে উচ্ছেদ করলে অন্য স্থানে গিয়ে বসেন তাঁরা।
দাঁত বাঁধানোর জন্য হাতুড়ে দন্তচিকিৎসকের কাছে যান ৬০ বছর বয়সী সবজি বিক্রেতা আহমেদ। তিনি ছয় সদস্যের পরিবার চালান। বেশি অর্থ দিয়ে ভালো চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য তাঁর নেই। তাই ভরসা, ফুটপাতের এই হাতুড়ে চিকিৎসক। কেন দাঁতের চিকিৎসার জন্য এখানে এসেছেন, জানতে চাইলে আহমেদ জানালেন, ‘আমি একজন পাশ করা চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তিনি তিন হাজার রুপি চেয়েছিলেন। এখানে আসার পর ২৫০ রুপি চাইলেন। আমি বলেছি, এত দিতে পারব না। তখন তিনি ২০০ রুপিতেই দাঁত বাঁধিয়ে দিলেন।’
স্বাস্থ্য-বিশেষজ্ঞরা বলেন, যথাযথভাবে পরিষ্কার না করে একই যন্ত্র বহু মানুষের চিকিৎসায় ব্যবহারের কারণে হেপাটাইটিসসহ নানা গুরুতর রোগের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু যাঁরা এখানে আসেন, তাঁরা এগুলোর তোয়াক্কা করেন না। কম খরচে চিকিৎসা করাতে পারলেই তাঁরা খুশি।
কোনো ধরনের শিক্ষা না থাকার পরও চিকিৎসা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে হাতুড়ে দন্তচিকিৎসক নুরুদ্দিন বলেন, ‘আপনি যদি ধনী ও ফ্যাশন সচেতন হন, তাহলে বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দন্তচিকিৎসকের কাছে যান। আমি গরিবের চিকিৎসক। ওই চিকিৎসকের যা আছে, আমারও তা আছে।’
এমনিতে পাকিস্তানে দাঁতের চিকিৎসা বেশ ব্যয়বহুল। রোগীর চিকিৎসাসেবা দেওয়ার চেয়ারের দামে একটা বিলাসবহুল গাড়ি কেনা যায়। দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণ সম্পর্কে দন্তচিকিৎসকেরা জানালেন, যন্ত্রাংশগুলো বাইরে থেকে কিনতে হয়। সেই খরচ তুলতে চিকিৎসকেরা রোগীর কাছ থেকে বেশি অর্থ আদায় করেন। বেড়ে যায় চিকিৎসা ব্যয়; যা ধনীরা মেটাতে পারে, কিন্তু দরিদ্ররা মেটাতে না পেরে দ্বারস্থ হন হাতুড়ে দন্তচিকিৎসকদের।

তপতী বর্মন
, সূত্র: বিবিসি