হাতে হাতে অলিম্পিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অলিম্পিক শেষ হলেও শেষ হয়নি তার রেশ। আর যাদের মধ্যে অলিম্পিকের উন্মাদনা কাজ করছে তারা মুঠোফোনেই খেলতে পারেন অলিম্পিকের খেলাগুলো। বাংলাদেশের পদক না পাওয়ার দুঃখও হয়তো কিছুটা ঘুচতে পারে তাতে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে এ বছর অলিম্পিক গেম শুরু হওয়ার পর অলিম্পিক কমিটি মুঠোফোনের জন্য প্রকাশ করে ‘রিও ২০১৬ অলিম্পিক গেমস’। ব্লুহোল নিক্স দলের তৈরি গেমটি প্রকাশ করেছে নিওউইজ গেমস করপোরেশন। গেমটি খেলা যাবে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে।
সব ধরনের ও দেশের গেমারদের কথা মাথায় রেখে তৈরি এই গেম খেলার কৌশল বেশ সহজ বলতে হয়। অলিম্পিকের সব গেমের মধ্যে থেকে বাছাই করে ফুটবল, টেনিস, আর্চারি, স্কিট, টেবিল টেনিস ও বাস্কেটবলের মতো রোমাঞ্চকর ৬টি গেম খেলা যাবে এতে। গেমটির মূল কৌশল পর্দায় স্পর্শ করার মধ্যে।
গেমটি প্রথমবার ইনস্টল করার পর প্রথমে নিবন্ধন করে প্রোফাইল ঠিক করে নিতে হয়। সেখানে নিজের নাম, দেশের নাম উল্লেখ করে দিতে হয়। এ ছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগের মাধ্যমে ফেসবুকের প্রোফাইল ছবি গেমের প্রোফাইলে যোগ করা যাবে। রিও ২০১৬ অলিম্পিক গেমসের ৬টি খেলার প্রতিটিই শুরু হয় ৪ জন করে খেলোয়াড় নিয়ে। শুরুতেই থাকে সেমিফাইনাল পর্ব।
প্রথমে বিশ্বের যেকোনো প্রান্তের আরেকজন প্রতিযোগীর মোকাবিলা করতে হবে। সেখানে হেরে গেলে অপর সেমিফাইনালের হেরে যাওয়া প্রতিযোগীর সঙ্গে তৃতীয় স্থান ও ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে। তবে জিতে গেলে সেমিফাইনালের আরেক বিজয়ীর সঙ্গে সোনা ও রুপার জন্য লড়তে হবে। গেমের একটি আকর্ষণীয় দিক হলো স্বর্ণ জেতার পর বিজয়ীর দেশের জাতীয় সংগীত বাজানো হয় একদম অলিম্পিকের আদলেই। বাংলাদেশ থেকে খেললে বেজে ওঠে আমার সোনার বাংলা সুর। এই সময়টা বেশ ভালো লাগে। গেমটি খেলার জন্য প্রতিটি খেলোয়াড়ের জন্য ৫টি করে লাইফ বরাদ্দ থাকে। যা দিয়ে ৫টি পর্যন্ত গেম খেলা সম্ভব। এরপরের প্রতিটি লাইফ তৈরি হতে আধ ঘণ্টা করে সময় নেয়।
গেমে প্রতিযোগিতা বজায় রাখতে ক্রমের ব্যবস্থা আছে। এতে সারা বিশ্বে কিংবা নিজ দেশে নিজের অবস্থানের তুলনা ও যাচাই করে নেওয়া যায়। অলিম্পিকের মতো আয়োজনের তুলনায় গেমটি ক্ষুদ্র হলেও পদক জয়ের নেশা পেয়ে বসলে গেমটি যে গেমারের মনে ধরবে তা মোটামুটি ধরেই নেওয়া যায়।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: http://goo.gl/Mgcpwq
আইওএস: http://goo.gl/E1YUyn