হাতেখড়ি হোক ইলেকট্রনিকসে

সফটওয়্যার নিয়ে যত কাজ হয় আমাদের দেশে, কম্পিউটার বা ডিজিটাল যন্ত্র তৈরির কাজ কি ততটা হয়? আমরা কি তবে ডিজিটাল যন্ত্র বানাব না? এ জন্য জানতে হবে, শিখতে হবে ইলেকট্রনিকস। তবেই পারব ডিজিটাল যন্ত্র বানাতে। চাইলেই শেখা যায় ইলেকট্রনিকসের কাজ। ইলেকট্রনিকসের হাতেখড়ি কীভাবে হতে পারে, তার একটা ধারণা দেওয়া হলো এই প্রতিবেদনে।
ইলেকট্রনিকস কী?
সহজ বাংলায় বলা যায়, ইলেকট্রনিকস হলো বৈদ্যুতিক শক্তি নিয়ন্ত্রণের বিজ্ঞান। বৈদ্যুতিক বর্তনী, ইলেকট্রনের আদান-প্রদান, বায়ুশূন্য টিউব, ট্রানজিস্টর, ডায়োড, ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) এবং আরও ক্ষুদ্র যন্ত্রাংশ ও উপকরণ ইত্যাদি নিয়ে ইলেকট্রনিকসের কারবার।

দরকার আগ্রহ ও চর্চা
ইলেকট্রনিকস শিখতে হলে শুধু বই পড়লে হবে না, বই পড়ে কিছুটা জেনে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে খেলতে হবে। ভালো লাগার জায়গাটায় নিয়ে আসতে হবে বিষয়টিকে। বইয়ের পাশাপাশি ইন্টারনেটে বিভিন্ন সাইট এবং ইউটিউবে ভিডিও দেখে দেখেও শেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানী বলেন, ‘ইলেকট্রনিকস হলো অদৃশ্য বিজ্ঞান। যে বুঝবে ভালো, সে ভালো করতে পারবে। এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকার পাশাপাশি নিয়মিত চর্চার কোনো বিকল্প নেই।’
অন্যরকম গ্রুপের চেয়ারম্যান এবং তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ‘শুধু স্বপ্ন দেখলেই চলবে না, সেই স্বপ্নের পিছে ছুটতে হবে। ছোটখাটো সার্কিটে বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে পরীক্ষণ শুরু করতে হবে। শুরুতেই সাফল্য না-ও আসতে পারে। লেগে থাকলে ধীরে ধীরে সাফল্য আসবেই।’
প্রাথমিক জ্ঞান এবং বই
ইলেকট্রনিকস শিখতে হলে প্রাথমিক কিছু বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে। লাগবে মৌলিক কিছু বই। প্রথমে তড়িৎপ্রবাহ, ভোল্টেজ, রোধ ইত্যাদি সম্পর্কে জানতে হবে। পরিবাহী, অপরিবাহী আর অর্ধপরিবাহী কী—এগুলো বুঝতে হবে। বর্তনী বা তড়িৎ চলার পথ কী এবং কীভাবে তৈরি করতে হয়, এটা কীভাবে কাজ করে—এসবের ধারণা থাকা জরুরি। আরও জেনে নিতে হবে সিরিজ ও সমান্তরাল সমাবেশ কী এবং কীভাবে কাজ করে। বাজারে বেশ কিছু বই পাওয়া যায়। মুহম্মদ জাফর ইকবালের একটুখানি বিজ্ঞান, ভবেশ রায়ের বিজ্ঞান প্রজেক্ট ইত্যাদি বই সহায়ক হতে পারে।
প্রয়োজনীয় উপকরণ
ইলেকট্রনিকস শিখতে হলে প্রথমে কিছু খুঁটিনাটি জিনিসপত্র কিনতে হবে। এগুলো হলো ব্রেডবোর্ড (ভেরা বোর্ড নামেও পরিচিত), বিভিন্ন ধরনের রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, এলইডি, ফটোডায়োড, এলডিআর, ট্রানজিস্টর, ওপি-এএমপি আইসি (৭৪১), মাল্টিমিটার, ব্যাটারি, ব্যাটারি কেসিং, অ্যাডাপ্টর ইত্যাদি। আলাদা করে ব্যাটারি না কিনে চাইলে মোবাইল ফোনের ব্যাটারিও ব্যবহার করা যেতে পারে। সব মিলিয়ে হাজার খানেক টাকা খরচ করলেই শুরুটা করা যায় বলে জানালেন খোন্দকার সিদ্দিক-ই রব্বানী। এসব কিনতে পাওয়া যাবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের সুইমিংপুলের পাশের বাজারে ও পাটুয়াটুলীতে। অনলাইনে টেকশপ (techshopbd.com) ওয়েবসাইট থেকেও কেনা যাবে।
উচ্চশিক্ষণের জন্য
বিজ্ঞানের সাধারণ জ্ঞান স্কুলের বিজ্ঞান বইতেই দেওয়া থাকে। পাশাপাশি বাজারে বাংলায় কিছু বই পাওয়া যায়। আর এখন ইন্টারনেটের যুগ। গুগলে খুঁজলেই সন্ধান মেলে দরকারি বই ও তথ্যের। এই বিষয়ে বেশি জানার ইচ্ছা থাকলে এবং প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিতে হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট কোর্স সম্পন্ন করা যায়। থিসিস বা পিএইচডির কাজে ইলেকট্রনিকসের সিমুলেশন করতে সাধারণত ‘কমসল’, ‘ম্যাটল্যাব’, ‘প্রোটিয়াস’, ‘ল্যাবভিউ’ ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করা হয়।
শুরুর পরীক্ষণ কী কী?
শুরুতে, সাধারণ সংযোগ তারের সাহায্যে বাল্ব আর ব্যাটারি লাগিয়ে নিজের পড়ার টেবিলকে নিজেই আলোকিত করে তোলা যায়। আবার ইচ্ছা হলে একটি মোটর কিনে এনে এক প্রান্তে বর্তনীর সংযোগ দিয়ে অপর প্রান্তে একটি পাতলা প্লাস্টিকের পাখা লাগিয়ে ব্যাটারি সংযোগ দিয়ে গরমে পাখার কাজটাও চালানো যায়। আরেকটু কঠিনের দিকে গেলে, একটি এলডিআর কিনে এনে সেটি দরজায় লাগিয়ে দিয়ে সাইরেন বাজিয়ে চোর ধরার কাজটিও করা যেতে পারে। এভাবে বিভিন্ন বই দেখে অথবা ইন্টারনেট ঘেঁটে ছোটখাটো পরীক্ষণের মাধ্যমে এগিয়ে যাওয়া যায় ইলেকট্রনিকস শেখার পথে।
ব্রেডবোর্ডে ধীরে ধীরে বিভিন্ন উপকরণ (কম্পোনেন্ট) বিভিন্নভাবে সাজিয়ে তা পর্যবেক্ষণ করা যেতে পারে। এরপর আরেকটু কঠিন সার্কিট নিজের মতো ব্রেডবোর্ডে বানিয়ে টেস্ট করে খুলে আবার নতুন করে বানানো যেতে হবে। এভাবে ধীরে ধীরে দক্ষতা ও আত্মবিশ্বাস—দুটোই বাড়বে। এরপর কম্পিউটারে সিমুলেশন সফটওয়্যারে সে অনুযায়ী সার্কিট সাজিয়ে তা যাচাই করা শিখতে হবে। কীভাবে সিমুলেশন করতে হয় এবং সেখান থেকে পিসিবি ডিজাইন ও প্রিন্ট করতে হয়, এ বিষয়ে অনলাইনে প্রচুর ভিডিও পাওয়া যায়। এসব বিষয় শেখার পর ডিজিটাল ইলেকট্রনিকস নিয়ে কাজ করার দিকে নজর দেওয়া যায়। সে ক্ষেত্রে প্রথমে ধারণা নিতে হবে মাইক্রোকন্ট্রোলারসহ মৌলিক কিছু জিনিস, জানতে হবে শিখতে হবে মৌলিক কিছু কোডিং। এরপর মাইক্রোকন্ট্রোলার নিয়ন্ত্রিত বিভিন্ন ডিভাইস ব্যবহার করে চাইলেই করা যাবে মজার মজার প্রজেক্ট; চাইলে তৈরি করা যাবে ছোটখাটো রোবটও।
ইলেকট্রনিকস শেখা ও কাজ করার জন্য ঘরটিকেই বানিয়ে ফেলা যায় একটি পরীক্ষাগার। সেখানেই শুরু হতে পারে নীরব বিপ্লব। একেকটি যন্ত্র বানিয়ে নিজেরা ব্যবহার করা যায়, আর ভালো হলে তো বাজারেও ছাড়া যায়। এভাবে শুরুটা হলে একদিন ডিজিটাল অনেক যন্ত্রই তৈরি করা যাবে দেশে।