হাতের কাছে আইফোন ৬ ৬ প্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৬      আইফোন ৬ প্লাস
আইফোন ৬ আইফোন ৬ প্লাস

ছবিভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রথম কম্পিউটার অ্যাপল মেকিনটোশের ঘোষণা যেখানে দেওয়া হয়, যুক্তরাষ্ট্রের সেই ফ্লিন্ট সেন্টারে গত ৯ সেপ্টেম্বর অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বাজারে ছাড়েন আইফোন ৬ আর ৬ প্লাস। বছরের পর বছর ধরে একই ডিজাইন, একই আকারের পর্দার জন্য আইফোন বেশ সমালোচিত হচ্ছিল। পরিবর্তন দেখা যায় আইফোন ৬-এ। চমৎকার নকশার আইফোনে যোগ হয়েছে বড় আকারের পর্দা। সঙ্গে সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেম আইওএস ৮।
গ্রাফিকস বা ডেটা প্রসেসিং—সব দিক থেকেই আগের চেয়ে দ্রুততর নতুন আইফোনে আরও শক্তিশালী ব্যাটারি যোগ করা হয়েছে। আইফোন ৬ ও আইফোন ৬ প্লাস—দুটি মডেলে বাজারে ছাড়া হলেও হাতে পাওয়ার সুযোগ ছিল না বাংলাদেশের আইফোনপ্রেমীদের। সম্প্রতি মোবাইল ফোন সংযোগদাতা গ্রামীণফোন ও রবির হাত ধরে আমাদের দেশের বাজারে নতুন আইফোনের দুটি সংস্করণই এসেছে। কোথায় পাবেন, কীভাবে কিনবেন, বাড়তি কী থাকছে—দেখে নেওয়া যাক এক নজরে।
বাংলাদেশে যেগুলো পাবেন
বাংলাদেশে ১৬ ও ৬৪ গিগাবাইট মেমোরির দুটি সংস্করণের আইফোন ৬ পাওয়া যাচ্ছে। আইফোন ৬ প্লাস পাওয়া যাবে শুধু ১৬ গিগাবাইট সংস্করণে।
কোন রঙের আইফোন
আইফোন ৬–এর ১৬ গিগাবাইট সংস্করণটি স্পেস গ্রে, রুপালি ও সোনালি—তিন রঙেই পাওয়া যাবে। তবে এই ৬৪ গিগাবাইট সংস্করণটি পাওয়া যাবে স্পেস গ্রে ও রুপালি রঙে। অন্যদিকে স্পেস গ্রে ছাড়া অন্য কোনো রঙে আইফোন ৬ প্লাস পাওয়া যবে না।
দাম
১৬ গিগাবাইট সংস্করণটির আইফোন ৬ কিনতে খরচ পড়বে ৭৩ হাজার ৮২৫ টাকা। অন্যদিকে, ৬৪ গিগাবাইটের আইফোন ৬ ও ১৬ গিগাবাইটের আইফোন ৬ প্লাসের মূল্য একই ৮৫ হাজার ২০০ টাকা বেরিয়ে যাবে পকেট থেকে। নগদ টাকায় কিনতে পারেন। আবার কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন ও রবি।
গ্রামীণফোন গ্রাহক
আইফোন কেনার সময় প্রাথমিকভাবে ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। বাকিটা ৯ বা ১২ মাসের সমান কিস্তিতে পরিশোধ করা যাবে। তবে কিস্তিতে মূল্য পরিশোধের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত ক্রেডিট কার্ড থাকতে হবে।
রবি গ্রাহক
রবির গ্রাহকেরা প্রাথমিক মূল্য হিসেবে ১০ হাজার টাকা পরিশোধ করে বাকি টাকা ১২ মাসের সমান কিস্তিতে জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক কিংবা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ডের গ্রাহক হতে হবে।
বাড়তি সুবিধা
যেকোনো আইফোন ৬ বা ৬ প্লাস কিনলেই গ্রামীণফোন গ্রাহকেরা বিনা মূল্যে ৩ গিগাবাইট ইন্টারনেট ডেটা পাবেন। এবং অন্যান্য নির্ধারিত কিছু ডেটা প্যাকের ওপর ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। সে ক্ষেত্রে এসএমএস পাঠিয়ে নিজেকে এই অফারের অন্তর্ভুক্ত করে নিতে হবে।
বিস্তারিত গ্রামীণফোনের ওয়েবসাইটে। ঠিকানা: www.grameenphone.com/personal/offers/grameenphone-brings-iphone-6-6-plus
রবি গ্রাহকেরা বিনা মূল্যে পাবেন ১ গিগাবাইট ইন্টারনেট ডেটা এবং
পরবর্তী ছয় মাস পর্যন্ত যেকোনো ১ বা ২ গিগাবাইট ডেটা প্যাকের ওপর ৫০ শতাংশ ছাড়। বিস্তারিত জানা যাবে রবির ওয়েবসাইটে। ঠিকানা: www.robi.com.bd/en/current-offers/robi-iphone6/buy-now
বিক্রয়োত্তর সেবা
গ্রামীণফোন বা রবির মাধ্যমে হাতে পেলেও বিক্রয়োত্তর সেবা কিন্তু তারা দেবে না। সে জন্য যোগাযোগ করতে হবে ঢাকায় জেইএল ট্রেডিং বাংলাদেশ লিমিটেডের কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের কার্যালয়, এক্সিকিউটিভ মেশিনসের গুলশানের কার্যালয় কিংবা কম্পিউটার সোর্সের নিউ এলিফ্যান্ট রোডের দোকানে।
বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে কেনার পর থেকে এক বছর পর্যন্ত এবং এ ক্ষেত্রে অ্যাপলের নীতিমালা অনুসরণ করা হবে।