হাতের নাগালে থ্রিজি
টেলিটকের নতুন থ্রিজি সুবিধার সিম কিনেছেন শিক্ষার্থী নাজমুল হাসান। থ্রিজিতে কী ধরনের সুবিধা পাচ্ছেন? নাজমুল বলেন, `থ্রিজি প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার করে আমি দ্রুত ইন্টারনেট ব্রাউজ করতে পারছি। অবিশ্বাস্য দ্রুত। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়াইম্যাক্স সেবাকে পেছনে ফেলবে টেলিটকের থ্রিজি।'আরেক থ্রিজি ব্যবহারকারী মারুফ হোসেন বললেন ভিন্ন কথা। তাঁর অভিযোগ, থ্রিজিতে সংযোগ করতে গেলে অনেক সমস্যা পোহাতে হয়। সংযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।'থ্রিজি চালুর আনুষ্ঠানিক ঘোষণার পর এক সপ্তাহ পার হয়েছে। কতগুলো নতুন থ্রিজি সুবিধার সিম বিক্রি হয়েছে? প্রশ্ন ছিল টেলিটকের বিপণন বিভাগের কর্মকর্তা মো. সামসুজ্জোহার কাছে। টেলিটকের এ কর্মকর্তা জানান, টেলিটকের থ্রিজি সিম নিয়ে মানুষের আগ্রহ ব্যাপক। নতুন সিম বিক্রির পরিমাণ পাঁচ হাজার ছাড়িয়েছে। থ্রিজি সুবিধার নতুন সিম ছাড়াও টেলিটকের পুরোনো সিমে থ্রিজি ব্যবহার করা যাবে। টেলিটকের পক্ষ থেকে মেসেজ পাঠিয়ে গ্রাহককে টেলিটকের থ্রিজি সুবিধার আওতায় আনার জন্য আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি শিগগিরই থ্রিজি সুবিধার ডোঙ্গল বাজারে আনবে টেলিটক।দীর্ঘদিন ধরে মানুষের মনে প্রশ্ন ছিল, বিশ্বে যেখানে ৪জি আর ৫জি নিয়ে কাজ চলছে, সেখানে কবে আমাদের দেশে আসবে থ্রিজি বা তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক সুবিধা? ১৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন মুঠোফোন অপারেটর টেলিটকের বহু প্রতীক্ষিত থ্রিজি (থার্ড জেনারেশন) ফোনের সেবা। থ্রিজি চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে উন্মোচিত হয়েছে নতুন দিগন্তের, জেগেছে নতুন সম্ভাবনা।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থ্রিজি প্রযুক্তির পরীক্ষামূলক বাণিজ্যিক সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মুঠোফোন খাতে থ্রিজির সংযোজন করে বাংলাদেশ এক নতুন মাইলফলক স্থাপন করল। এর ফলে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে এবং তথ্য-উপাত্ত আদান-প্রদান দ্রুত ও সহজ হবে। মুঠোফোনের গ্রাহকেরা ভিডিও কল করাসহ উন্নত ডিজিটাল সেবা পাবেন।থ্রিজিকে বলা হয় তৃতীয় প্রজন্মের তারবিহীন প্রযুক্তি। এককথায় থ্রিজি প্রযুক্তি হচ্ছে উচ্চগতির মোবাইল ইন্টারনেট সুবিধাযুক্ত একটি প্রযুক্তি। এর মাধ্যমে মোবাইল ফোনে ভিডিও কল থেকে শুরু করে টেলিভিশন দেখাসহ নানা সুবিধা পাওয়া যাবে। থ্রিজি প্রযুক্তির মুঠোফোনের মাধ্যমে কথা বলার পাশাপাশি ব্যবহারকারীরা ভেৌগোলিকভাবে যে অবস্থানে থাকবেন, সেখানে উচ্চগতির ইন্টারনেটের সুবিধা পাবেন। এ ছাড়া মোবাইল ফোনে করা যাবে ভিডিও সম্মেলনও। ব্যবহার করা যাবে গে্লাবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), যার মাধ্যমে নিখঁুত পথনির্দেশনা পাওয়া যাবে। বাংলাদেশে এর আগে ব্যবহূত নেটওয়ার্ক ছিল ২.৫ জি বা ২.৭৫জি। সাধারণত মোবাইল ফোন নেটওয়ার্কে প্রযুক্তির প্রজন্মান্তর ঘটে এভাবে-২জি, ২.৫জি, ২.৭৫জি, থ্রিজি, ৪জি। নেটওয়ার্ককে পরের প্রজন্মে উন্নীত করে স্বল্পমূল্যে উচ্চগতির ইন্টারনেটের সুবিধা পাওয়া যায়। এ সুবিধার মাধ্যমে বর্তমান মোবাইল সেবাদাতারা তাদের গ্রাহকদের নিজস্ব এবং অন্য নেটওয়ার্কে কম মূল্যে ভিডিও কলসহ অন্যান্য সুবিধা ব্যবহারের সুযোগ করে দিতে পারবে। এ ছাড়া একই সঙ্গে একই সিমকার্ডে ও স্থানে দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগও দিতে পারবে।আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) মতে, থ্রিজি হচ্ছে দ্রুতগতিতে তথ্য স্থানান্তরের নেটওয়ার্ক প্রযুক্তি; যাতে আছে জিএসএম, ইডিজিই, ইউএমটিএস এবং সিডিএমএ-২০০০। এ প্রযুক্তিতে মুঠোফোনের মাধ্যমে সাগ ডিইসিটি এবং ওয়াইম্যাক্স সার্ভিস, ভয়েস কল, ভিডিও কল করার সুবিধা রয়েছে। এ প্রযুক্তিটির সঙ্গে বিশ্বকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল জাপান। ১ অক্টোবর, ২০০১ সালে দেশটিতে পরীক্ষামূলকভাবে থ্রিজি চালু করেছিল `এনটিডি ডোকোমা'। এক দশক পর বাংলাদেশে এ প্রযুক্তি পরীক্ষামূলক চালু করেছে টেলিটক।টেলিটকের বিপণন বিভাগের ব্যবস্থাপক জানান, আনুষ্ঠানিকভাবে থ্রিজি সুবিধা ঘোষণা দেওয়ার আগেই টেলিটক চালু করে `গ্রাভিটি ক্লাব'। এ ক্লাবের ব্যবহারকারীরা বর্তমানে থ্রিজি সুবিধা পাচ্ছেন। বর্তমানে কেবল ঢাকায় থ্রিজি সুবিধা চালু থাকলেও শিগগিরই দেশব্যাপী থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করা হবে। প্রাথমিকভাবে ঢাকা শহরের প্রায় চার লাখ গ্রাহক থ্রিজি ব্যবহারের সুবিধা পাবেন। এ বছরের শেষ নাগাদ চট্টগ্রামে থ্রিজি চালু করা হবে বলেও জানান তিনি।প্রাথমিকভাবে শুধু কথা বলার জন্য যে খরচ তা দিয়েই থ্রিজিতে কথা বলা যাবে। থ্রিজির সব সেবাতেই থাকছে ১০ সেকেন্ড পালসের সুবিধা। এ ছাড়া প্রাথমিকভাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টিভি, জিটিভি (গাজী টিভি), আরটিভি ও মাইটিভি দেখা যাবে। এ টিভিগুলো ছাড়াও ইন্টারনেটের মাধ্যমে সব টিভি চ্যানেল দেখা যাবে। বর্তমানে যেকোনো গ্রাহক নতুন থ্রিজি সিম কিনে এ সেবা পেতে পারেন। থ্রিজি সামনে রেখে ইতিমধ্যে ঢাকার ৩২৮টি বেইজ ট্রান্সিভার স্টেশনে (বিটিএস) নতুন প্রযুক্তি বসানো হয়েছে বলে জানান টেলিটকের ওই কর্মকর্তা।ঢাকায় বর্তমানে থ্রিজি লোগো-সংবলিত প্রায় চার হাজার দোকানে থ্রিজি সিম কিনতে পাওয়া যাচ্ছে। এ ছাড়া টেলিটক কাস্টমার সেন্টার, বনানীতে টেলিটকের প্রধান কার্যালয়সংলগ্ন স্থানে, উত্তরায় সেক্টর ৩ নম্বরের এবি সুপার মার্কেটে, ধানমন্ডির ৩ নম্বর রোডের হ্যাপি আর্কেডে, ৫৯/২ পুরানা পল্টনের সুরমা টাওয়ারে, মিরপুর-১০-এর আখন্দ টাওয়ারে, ফার্মগেটে বড়বাজার শপিং কমপে্লক্সে, রমনার বিটিসিএল প্রাঙ্গণে, যাত্রাবাড়ীর নওয়াব স্টোন টাওয়ারে এবং টঙ্গীর টেশিস ভবনে পাওয়া যাবে টেলিটকের থ্রিজি সিম ও টেলিটক সিম। টেলিটকের সিম কিনতে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি প্রয়োজন হবে। থ্রিজি সুবিধার স্মার্টফোন ও ট্যাবলেটে টেলিটকের থ্রিজি সিম ব্যবহার করা যাবে।নতুন টেলিটক থ্রিজি সিমের দাম ৯০০ টাকা। বিদ্যমান গ্রাহকদের থ্রিজি সংযোগ দিতে ৫০০ টাকা করে নেওয়ার ঘোষণা দিয়েছে টেলিটক। আগ্রহীরা (১২৩৪) নম্বরে কল করে আরও সুনির্দষ্টি তথ্য পাবেন। এ ছাড়া টেলিটকের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।