হাতের নাগালে রাখুন ওয়েব অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-মেইল বার্তা লেখা থেকে শুরু করে ছবি সম্পাদনা বা এক্সেল স্প্রেডশিটের কাজগুলো এখন অনলাইনে বসেই করা যাচ্ছে। ইন্টারনেট সংযোগ থাকলেই হলো, ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার চালু করে নিজের প্রয়োজনমতো এসব ওয়েব অ্যাপলিকেশন ব্যবহার করা যায় কোনো সফটওয়্যার ইনস্টল ছাড়াই। কিন্তু এভাবে কাজ করলে প্রথমে ব্রাউজার চালু করতে হয়। তারপর প্রতিটা ওয়েব অ্যাপের জন্য আলাদাভাবে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হয়। যদি নিয়মিত ব্যবহার করা ওয়েব অ্যাপগুলো ডেস্কটপের নিচের দিকে থাকা টাস্কবারে রাখা যায়, তাহলে এক ক্লিকেই ওয়েব অ্যাপলিকেশনগুলো খোলা যাবে, অনেকটা ইনস্টল করা সফটওয়্যারের মতোই। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৭ বা এর পরের সংস্করণের ব্যবহারকারীরা ডেস্কটপের সফটওয়্যারের মতোই এভাবে ওয়েব অ্যাপ ব্যবহার করতে পারবেন। এভাবে টাস্কবারে পিন করে রাখা ওয়েব অ্যাপ খুললে প্রচলিত সফটওয়্যারের মতোই ব্রাউজারে আলাদা একটা উইন্ডো চালু হবে। গুগল ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা কাজটা করতে পারবেন সহজেই।

গুগল ক্রোম
ধরা যাক, ছবি সম্পাদনার জন্য কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা নেই। এ অবস্থায় ঝটপট কিছু ছবি সম্পাদনার প্রয়োজন পড়ল। এ জন্য বিনা মূল্যের জনপ্রিয় একটি ওয়েব অ্যাপ https://pixlr.com ওয়েবসাইটে গিয়ে পিক্সেলার এডিটর বা পিক্সেলার এক্সপ্রেস ওয়েব অ্যাপটি চালু করলেন। এখন যদি গুগল ড্রাইভ, গুগল শিট বা এই পিক্সেলারের মতো ওয়েব অ্যাপ প্রায়ই আপনাকে ব্যবহার করতে হয়, তাহলে সেটা টাস্কবারে পিন করে রাখুন। এ জন্য গুগল ক্রোম ব্রাউজারে নির্দিষ্ট ওয়েবসাইটের অ্যাপটি চালু করে ওপরে ডান পাশে থাকা সেটিংস মেনুতে ক্লিক করুন। মোর টুলস অপশনে ক্লিক করে অ্যাড টু টাস্কবারে ক্লিক করুন। এবার একটি ছোট উইন্ডো আসবে। সেখান থেকে ওপেন অ্যাজ উইন্ডোতে টিক দিয়ে অ্যাড বোতামে ক্লিক করুন। এবার ডেস্কটপের সফটওয়্যারের মতোই টাস্কবারে থাকা শর্টকাটে এক ক্লিক করেই প্রয়োজনীয় ওয়েব অ্যাপগুলো খোলা যাবে।

ইন্টারনেট এক্সপ্লোরার
কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ টাস্কবারে পিন করে রাখার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা প্রথমে ওয়েবসাইটটি পুরোপুরি না খোলা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ওপরে ঠিকানা লেখার ঘরের বাঁ পাশে থাকা সাইটের আইকন বা ফেভিকনটি মাউস দিয়ে চেপে ধরে (ড্র্যাগ অ্যান্ড ড্রপ) নিচের টাস্কবারের খালি জায়গায় ছেড়ে দিন। মঈন চৌধুরী