
হাতের নাগালে চলে এসেছে তথ্যপ্রযুক্তি। আর একে সমৃদ্ধ করেছে নানা ধরনের প্রযুক্তি পণ্য। গান শোনা বা ছবি দেখার জন্য যেমন আলাদা যন্ত্র আছে, তেমনি বই পড়ার জন্যও রয়েছে যন্ত্র। আর বইয়ের ক্ষেত্রে এখন এমনই একটি সুবিধা নিয়ে রয়েছে ই-বুক রিডার বা বই পড়ার বিশেষ যন্ত্র। অর্থাৎ এখন আর ছাপা হওয়া বই হাতে নিয়েই নয়, বরং যন্ত্রের সাহায্যে চাইলেই পড়া যাবে। আবার স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটারে বা ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেটে বসে ই-বুক পড়ার সুবিধা আছে।
ই-বই কিংবা ইলেকট্রনিক বই পড়ার সুবিধা যন্ত্রে এখন এমনভাবে পাওয়া যায় যা অনেকটাই ছাপা হওয়া বইয়ের মতো। অর্থাৎ বড় ট্যাবলেট কিংবা বই পড়ার যন্ত্রে পৃষ্ঠাগুলোও উল্টে পড়ার সুবিধা রয়েছে। যা দেখে মনেই হবে না যে বইটা যন্ত্রে পড়া হচ্ছে! শুধু বই পড়ার জন্য বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন যন্ত্র তৈরি করেছে। এর মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে আছে বিশ্বখ্যাত ই-কমার্স সাইট আমাজন ডট কমের তৈরি ই-বই পড়ার যন্ত্র ‘কিন্ডল’। শুধু ই-বই পড়ার জন্যই এ যন্ত্রটি তৈরি করা হয়েছে। এখানে ইন্টারনেট থেকে বই নামিয়ে (ডাউনলোয) নিয়ে ইচ্ছেমতো পড়া যায়। শুধু বই নয়, ম্যাগাজিন, সংবাদপত্রও পড়া যাবে কিন্ডলে। এর দামও খুব বেশি নয়। রঙিন ছবির জন্য যেমন কিন্ডল পাওয়া যায়, তেমনি সাদাকালো ছবিযুক্ত ই-বই পড়ারও কিন্ডল পাওয়া যায়।
কিন্ডল ছাড়াও সনি রিডার, কেবোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আরও বই পড়ার যন্ত্র বাজারে রয়েছে। এ তো গেল শুধু বই পড়ার যন্ত্রের কথা। এসব যন্ত্রের আবার আলাদা অ্যাপ পাওয়া যায় সবগুলো মার্কেট প্লেসে। চাইলে এসব অ্যাপস ব্যবহার করে আপনার হাতে থাকা ট্যাবলেট কিংবা স্মার্টফোনেও ই-বই পড়তে পারেন।
আইপ্যাডে ই-বই পড়তে চাইলে আপনার অ্যাপল আইডি দিয়ে লগ-ইন করে বিভিন্ন ধরনের ই-বই পেতে পারেন অ্যাপল স্টোর থেকে। বিনা মূল্যে বিভিন্ন বই, ম্যাগাজিন যেমন পড়তে পারেন, তেমনি চাইলে কিনেও বই পড়া যাবে। একইভাবে যাঁরা অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট ব্যবহার করেন, তাঁরা জিমেইলের অ্যাকাউন্ট দিয়েই অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে বিনা মূল্যে পাওয়া যায় এমন বই পড়তে পারেন। ট্যাবলেট কিংবা স্মার্টফোনে ই-বই পড়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে। কিন্ডল, কেবোসহ বিভিন্ন ই-বই পড়ার যন্ত্রের পাশাপাশি এসব যন্ত্রের অ্যাপস পাওয়া যায় অ্যাপস স্টোরে। অর্থাৎ অ্যাপলের অ্যাপল স্টোর, অ্যান্ড্রয়েডের প্লে স্টোর, মাইক্রোসফটেও এসব যন্ত্রের অ্যাপস পাওয়া যায়। এসব অ্যাপসের সাহায্যে যেকোনো ই-বই পড়া সম্ভব।
অ্যাপস স্টোরে বিভিন্ন ম্যাগাজিনের পাশাপাশি বিনা মূল্যে অনেক বইও পাওয়া যায়। তবে বিনা মূল্যে পড়ার জন্য ই-বুক পাওয়া যায় এমন দারুণ একটি ওয়েবসাইট হচ্ছে প্রজেক্ট গুটেনবার্গ (www.gutenberg.org)। এতে বিনা মূল্যে প্রায় ৪২ হাজার ই-বই পাওয়া যাবে। বিনা মূল্যে অনেক ই-বইয়ের বিশেষ অ্যাপসও পাওয়া যায়। আগ্রহীরা অ্যাপস স্টোর থেকেই সেসব বই নামিয়ে নিতে পারেন। এ ছাড়া বিনা মূল্যে পড়ার নানা ধরনের ই-বই পাওয়া যাবে www.goodreads.com/ebooks, www.bookboon.com ঠিকানায়। তাহলে আর দেরি নয়। যুক্ত হয়ে যান বইয়ের দুনিয়ায় আর পড়ে ফেলুন দারুণ সব বই।