হান্টকির পরিবেশক হলো গ্লোবাল
চীনের প্রথম সারির পাওয়ার সাপ্লাই যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হান্টকি এন্টারপ্রাইজের পরিবেশক নিযুক্ত হয়েছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। গত রোববার রাজধানীর এক হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এ সময় হান্টকির বৈশ্বিক সহযোগী পরিচালক জ্যাক মা বলেন, ‘আমরা কখনো গুণগতমানের সঙ্গে আপস করি না। বিশ্বের ৫০টি দেশে আমাদের ডিলার রয়েছে। বড় বড় প্রযুক্তিপণ্য নির্মাতাদের সঙ্গেও আমরা অংশীদারত্বে ব্যবসা করি।’
গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ বলেন, ‘১৯৯৬ সালে এলজির মনিটর পরিবেশনের মধ্য দিয়ে গ্লোবাল ব্র্যান্ডের যাত্রা শুরু হয়। বর্তমানে বিশ্বের নামীদামি ৩০টি পণ্য আমরা দেশে সরবরাহ করছি। আমরা নিজেরা আগে পণ্য যাচাই-বাচাই করি তারপরে বাজারে ছাড়ি।’
অনুষ্ঠানে হান্টকির নতুন পাওয়ার সাপ্লাই ইউনিট, ল্যাপটপ অ্যাডাপ্টার, পাওয়ার স্ট্রিপ নিয়ে কর্মশালার আয়োজনও করা হয়। বিস্তারিত তুলে ধরেন হান্টকির কান্ট্রি ম্যানেজার ইয়ান শোন ও বিপণন ব্যবস্থাপক মেগান উই। তাঁরা জানান, বিভিন্ন প্রযুক্তিপণ্যে হান্টকির পণ্য যুক্ত হয়ে (বিল্ট-ইন) আসছে। প্রতিষ্ঠানটি গ্যারান্টি দিয়ে তাদের পণ্য বিক্রি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকারসহ অনেকে। —রাহিতুল ইসলাম