হাবিপ্রবিতে ওপেন সোর্স নেটওয়ার্ক
সম্প্রতি দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) আয়োজনে অনুষ্ঠিত হলো মুক্ত সফটওয়্যার উবুন্টু ও ফ্রি ল্যান্স আউটসোর্সিং কর্মশালা। কর্মশালায় মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর সেটআপ পদ্ধতি ও প্রাথমিক ব্যবহার, ডুয়াল বুট পদ্ধতি, টারমিনাল ব্যবহার ইত্যাদি শেখানো হয়। পাশাপাশি ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। কর্মশালা শেষে আনুষ্ঠানিকভাবে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের (হাবিপ্রবি ওএসএন) ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আফজাল হোসেন। হাবিপ্রবি ওএসএসএনের পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের ডিন অধ্যাপক মো. রুহুল আমিন, সমন্বয়ক প্রভাষক আশীষ কুমার মণ্ডল, সভাপতি বিভাগের শিক্ষার্থী শাহ মো. তানভীর সিদ্দিকী এবং সদস্য বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। —নুরুন্নবী হাছিব