

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ যখন স্টুডিওতে থাকেন, তখন এক রকম; আবার যখন বাইরে বের হন, তখন আরেক রকম। যখন কোনো কনসার্ট বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হন, সচেতন থাকেন পোশাকের বিষয়ে। তাঁর খুব পছন্দ টি-শার্ট। নানা রং আর নকশার টি-শার্ট আছে তাঁর। রঙের ব্যাপারে আলাদা কোনো পছন্দ নেই, তবে রং হওয়া চাই গাঢ়। কোনো অনুষ্ঠানে তিনি এই টি-শার্টের ওপর ব্লেজার বা জ্যাকেট পরেন। ফরমাল অনুষ্ঠান, বিয়ের দাওয়াতে সাধারণত শার্ট পরেন। মাঝেমধ্যে স্যুটও বেছে নেন। বাসায় আর স্টুডিওতে থ্রি-কোয়ার্টার প্যান্টেই তিনি স্বচ্ছন্দ্য।
হাবিব ইদানীং বাইরে বের হলেই মাথায় ক্যাপ ব্যবহার করেন। কারণ হিসেবে বলেন, ‘কেউ যেন আমাকে না চেনে, তাই। যখন বাজারে, সিনেমা হলে কিংবা রেস্টুরেন্টে যাই, তখনই ক্যাপ ব্যবহার করি। তা না হলে অপ্রস্তুত কিংবা বিব্রত হতে হয়। স্টুডিও, মিটিং আর কোনো অফিসে গেলে ক্যাপ দরকার হয় না।’


হাতঘড়ির ব্যাপারে হাবিবের রয়েছে দারুণ দুর্বলতা। নানা ব্র্যান্ডের ঘড়ি আছে তাঁর। নিত্য নতুন গাড়ির প্রতিও দারুণ ঝোঁক হাবিবের।
বাদ্যযন্ত্র নিয়েই দিনের বেশির ভাগ সময় কাটে হাবিবের। নিজের স্টুডিওতে আছে ইলেকট্রিক পিয়ানো। কর্জ ব্র্যান্ডের এই পিয়ানোটি বাজাতে তাঁর দারুণ লাগে। বাসায় আর স্টুডিওতে রয়েছে বিভিন্ন ব্র্যান্ড ও নানা আকারের কি-বোর্ড। এগুলো একদিকে তিনি যেমন সংগ্রহ করেন, তেমন কাজেও লাগে। গিটারেও কখনো হাত রাখেন।
কাজের ফাঁকে যখনই একটু অবসর মেলে, তখনই তিনি বসে যান গেম খেলতে। তিনি জানান, এই গেমের নেশা তাঁর ছোটবেলা থেকে।
তাঁর স্টুডিওতে আছে খোলামেলা হেঁশেল। এখানে তিনি নিজেই তৈরি করেন চা, কফি, কিংবা হালকা কোনো খাবার।