হামবুর্গে অ আ শেখার পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরা বেড়ে উঠছে জার্মানিতে। কিন্তু রক্তে মিশে আছে বাংলাদেশ। হামবুর্গের ‘পাঠশালা’য় তাদের শেখানো হচ্ছে বাংলা
ওরা বেড়ে উঠছে জার্মানিতে। কিন্তু রক্তে মিশে আছে বাংলাদেশ। হামবুর্গের ‘পাঠশালা’য় তাদের শেখানো হচ্ছে বাংলা

হামবুর্গে শিশুদের একটি স্কুল। সেই স্কুলের নাম ‘পাঠশালা’। এই পাঠশালায় চার থেকে ১৪ বছর বয়সী শিশুরা অ, আ শিখছে। শিখছে বাংলার ইতিহাস, সংস্কৃতি।
বাংলাদেশ সরকারের প্রাক্-প্রাথমিক পর্যায়ের একটা বই অনুসরণ করেই চলছে এই শিশুদের পড়াশোনা। বাংলাদেশ সরকারের বইটিতে শুধু একটি বিষয় যোগ হয়েছে। বাংলা শব্দের পাশাপাশি জার্মান প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে এ বইতে।
জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গ। হামবুর্গের এই শিশুদের আদি পুরুষের বাস বাংলাদেশে। অনেকের বাবা ও মায়ের ছেলেবেলাও কেটেছে বাংলাদেশে। আবার অনেকের মা জার্মান। এখন হামবুর্গে সবার স্থায়ী নিবাস।
এই শিশুরা অনর্গল জার্মান ভাষায় কথা বলে। বাড়িতেও বাংলা বলার সুযোগ নেই বা বলা হয় না। বাঙালি সংস্কৃতি সম্পর্কে বলতে গেলে কিছুই জানে না। সেভাবে জানানোরও চেষ্টা করা হয়নি কখনো। এরা যখন বাংলাদেশে বেড়াতে আসে, তখন ভাষা জানে না বলে আত্মীয়স্বজনের সঙ্গে মিশতে পারে না। বাংলাদেশে থাকা দাদা, নানা বা অন্য আত্মীয়দের কাছে এই শিশুদের অনেক দূরের কেউ মনে হয়।
এই শিশুদের শরীরে বাঙালির রক্ত মিশে আছে। অথচ এই শিশুরা এই সংস্কৃতি, ভাষা কিছুই জানবে না, তা কি হয়? এ প্রশ্ন ও অনুভূতি সামনে রেখে পরবর্তী প্রজন্ম যাতে বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য একেবারে ভুলে না যায়, সে উদ্দেশ্যেই হামবুর্গে যাত্রা শুরু করেছে ‘পাঠশালা’। পাঠশালার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে বাংলা শিখতে ও চর্চা করতে আগ্রহী করে তোলা। তবে সে এক বিরাট চ্যালেঞ্জ। কেননা, এই শিশুদের কেউ কেউ বাংলা বলতে ও বুঝতে পারে, আবার কেউ তা একেবারেই পারে না।
পাঠশালার বয়স খুব বেশি নয়। চলতি বছরের জানুয়ারি মাস থেকে চালু হয়েছে। আর উদ্যোগটি নিয়েছেন বাংলাদেশেরই কয়েকজন নাগরিক, যাঁরা পড়াশোনাসহ বিভিন্ন কাজে হামবুর্গে অবস্থান করছেন কয়েক বছর ধরে। আর এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এসেছেন হামবুর্গে স্থায়ীভাবে বসবাসরত একসময়ের বাঙালিরা।
পাঠশালায় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২২। এই শিক্ষার্থীরা এখন বাংলা বর্ণমালাগুলো একটু একটু করে চিনতে শিখছে। হামবুর্গের পাঠশালায় শিক্ষার্থীরা প্রতি রোববার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাংলা ভাষা শেখার কসরত চালাচ্ছে।

হাতেখড়ি বাংলায়
হাতেখড়ি বাংলায়

পাঠশালা হামবুর্গ-প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি উদ্যোগ। সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ‘জাগরণ’ নামে একটি সংগঠন রয়েছে। এ সংগঠন হামবুর্গের সংস্কৃতিবিষয়ক দপ্তরে নিবন্ধিত। মূলত এই সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রচেষ্টায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্যোক্তা এবং এই স্কুলের শিক্ষকদের একজন শামীম মাহমুদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে হামবুর্গে পিএইচডি করছেন।
শামীম মাহমুদ সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন। তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারির আগে আমরা শিশুদের সঙ্গে বাংলা ভাষা আন্দোলনের পটভূমি, তাৎপর্য এবং কেমন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এল, সে বিষয়ে আলাপ করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের শহীদ মিনারের ছবি আঁকতে বলি। অন্যান্য দিবসেও একই কাজ করা হয়। ফলে শিশুরা বাংলাদেশ সম্পর্কে আগের চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠছে। সাপ্তাহিক ছুটির দিনে তাদের কাছে স্কুল যাতে একঘেয়ে মনে না হয় আর বাড়তি চাপ না পড়ে, সেদিকেও নজর রাখা হয়।’
পাঠশালার মূল লক্ষ্য বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা ও লালন। এখানে শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন মূলত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। এ ছাড়া এখানে পড়তে আসা বাংলাদেশের বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস নেন। সাধারণত দুজন শিক্ষক একত্রে ক্লাস নেন। শহরের কেন্দ্রস্থলে শিশু-কিশোর কেন্দ্রের একটি ভাড়া রুমে স্কুলটি চলছে। এই স্কুল সম্পূর্ণ অবৈতনিক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটি পরিচালনা করছেন।
শামীম মাহমুদ বলেন, ‘আমরা চেষ্টা করছি শিশুদের বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে আগ্রহের জায়গাটা তৈরি করে দিতে, যাতে তারা বাংলাদেশ সম্পর্কে কোনো রকম হীনম্মন্যতায় না ভোগে। বরং তাদের পূর্বপুরুষ যে বাংলাদেশ থেকে এসেছে, সেটা নিয়ে যেন তারা গর্ব করতে পারে। আর সে ক্ষেত্রে ভাষাটি শিখতে পারলে শিশুরা পরে নিজেরাই বাংলাদেশ বিষয়ে আরও জানতে আগ্রহী হয়ে উঠবে।’
শামীম মাহমুদ নিজের মেয়ে সুমেহরা মাহমুদের উদাহরণ দিয়ে জানান, গত তিন বছর হামবুর্গে বসবাসের কারণে সাড়ে আট বছর বয়সী মেয়ে বাংলা বলতে পারে, কিন্তু লিখতে পারে না। বাংলা সংবাদপত্রে দু-একটা অক্ষর শুধু চিনতে পারে। অথচ জার্মান ভাষায় সে খুবই দক্ষ। অর্থাৎ শিশুদের ভাষা শেখানোটা অনেক সহজ। আবার আগ্রহ ও চর্চা না থাকলে তা শেখানোটা তেমনই কঠিন।