হামবুর্গের সড়কে ঘৃণাবাচক টুইট লিখে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামবুর্গে টুইটার কার্যালয়ের সামনের সড়কে লেখা ঘৃণাবাচক টুইটগুলোর ছবি তুলছেন এক পথচারী
হামবুর্গে টুইটার কার্যালয়ের সামনের সড়কে লেখা ঘৃণাবাচক টুইটগুলোর ছবি তুলছেন এক পথচারী

জার্মানির হামবুর্গ শহরে টুইটার কার্যালয়ের সামনের সড়কে অসংখ্য একই রকম টুইট বা খুদে বার্তা লেখা রয়েছে হুবহু। দেখে মনে হতে পারে, কোনো স্মরণীয় ঘটনার স্মরণেই লেখা হয়েছে টুইটগুলো। তবে কাছ থেকে পড়লেই চক্ষু চড়কগাছ হবে। মূলত খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে বিভিন্ন সময়ে লেখা ঘৃণাবাচক বার্তা বা টুইটগুলো লেখা হয়েছে কার্যালয়ের সামনের রাস্তায়।

শাহাক শফিরা নামের এক ইহুদি জার্মান ব্যঙ্গ-রচয়িতা এমন খুদে বার্তাগুলো লিখেছেন সড়কে। গত ছয় মাসে ৩০০-এর বেশি ঘৃণাবাচক টুইটের বিরুদ্ধে টুইটারে অভিযোগ করেছেন তিনি। টুইটার মাত্র ৯টির উত্তর দিয়ে জানায়, টুইটগুলো তাদের নীতিবিরোধী নয়। আর সেই ক্ষোভ থেকেই টুইটার কার্যালয়ের সামনে উল্লেখযোগ্য ৩০টি টুইট অবিকল নীল-সাদা রঙে লিখেছেন শফিরা। গত সোমবার এক ভিডিওতে শফিরা বলেন, ‘অভিযোগ জানানোর পরেও যদি টুইটার কর্তৃপক্ষ ঘৃণাবাচক টুইট অপসারণ না করে তা আমাদের দেখতে বাধ্য করে, তাহলে তাদেরও এসব দেখতে হবে।’

এখন পর্যন্ত অভিযোগকৃত কোনো টুইট অপসারণের কথা জানিয়ে টুইটার তাঁকে ই-মেইল করেনি বলেও জানান শফিরা। সড়কে ঘৃণাবাচক টুইটগুলো লেখার আগে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘টুইটার ওই সব টুইট সড়কে দেখতে পাবে, যা তারা এড়িয়ে চলতে ভালোবাসে।’ অন্যদিকে ফেসবুকে ১৫০ ঘৃণাবাচক মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানালে তারা প্রায় ৮০ শতাংশই অপসারণ করেছে বলে জানিয়েছেন শফিরা। শফিরার এমন কর্মকাণ্ডে টুইটার এখন পর্যন্ত মুখ খোলেনি।

উল্লেখ্য, সমাজে ঘৃণা ছড়ায় এমন মন্তব্যের বিরুদ্ধে বরাবরই কঠোর জার্মান সরকার। গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণামূলক মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানালে তা ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার আইন পাস করায় জার্মান সরকার। অপসারণে ব্যর্থ হলে বিপুল আর্থিক জরিমানা করার কথাও রয়েছে আইনে। সেই আইনের আওতায় টুইটারের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো জানা যায়নি।

শাওন খান, বিবিসি