হার-জিত চিরদিন থাকবেই
প্রতিযোগিতা মানে, কেউ জিতবে আর কেউ হারবে। তাই আছে আনন্দ, আছে বেদনা। তবু যেতে হবে দূর। দূর থেকে বহুদূর। সেই লক্ষ্যে পুরো দুনিয়া হাতের মুঠোয় নিয়ে আসার প্রত্যয় ছিল শিক্ষার্থীদের মধ্যে।২৯ সেপ্টেম্বর সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে ইন্টারনেটের দুনিয়ায় ভেসে বেড়িয়েছে সবাই। ওই দিন সকাল আটটা থেকে শুরু হয় গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। সে উৎসবে সিলেটের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সঙ্গে আরও দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা এসেছিলেন উৎসবে।শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—সবার সম্মিলিত অংশগ্রহণে দিনভর চলে হইহুল্লোড়। এ হইহুল্লোড় আর মানুষের ভিড় এড়িয়ে একটু দূরে, মঞ্চের ডান পাশে বিশাল আকৃতির প্রায় অর্ধশত বছরের প্রাচীন যে রেইনট্রি, সেটির নিচে দাঁড়িয়ে ছিল জনা বিশেক শিক্ষার্থী। তাদের প্রত্যেকেই একমনে মুঠোফোনের বাটন টিপছে। ব্যাপার কী? প্রশ্নের উত্তরে সেখানে অবস্থানরত সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাহুল পালের চটপট জবাব, ‘বুঝলেন না, আগাম প্রস্তুতি আর কি! উৎসব শুরু হওয়ার আগে ইন্টারনেটে সার্চ করার পদ্ধতি ঝালাই করে নিচ্ছি।’ ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মমতাজ ইসলাম বলে, ‘এ তো দেখছি মহোৎসব শুরু হয়েছে। এত কালারফুল অনুষ্ঠান হবে, এখানে আসার আগে ভাবতেই পারিনি।’এরপর দেখা গেল, অনেকেই সারি বেঁধে ‘হ্যাপিনেস মেশিন’-এর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিয়ে ঝটপট পুরস্কার জিতে নিচ্ছে। কেউ কেউ আবার প্রথম আলো, গ্রামীণফোন, অপেরা, গুগল, ফেসবুক, নকিয়া—এসব প্রতিষ্ঠানের স্টলগুলোয় গিয়ে বিভিন্ন কুইজে অংশ নিয়েও পুরস্কার পাচ্ছে।এরই মধ্যে হঠাৎ বৃষ্টি! প্রথমে টিপটিপ, পরে তীব্র বেগে। ঘণ্টা খানেক পর বৃষ্টি থামলে আবার শুরু হয় উৎসবের প্রস্তুতি। বৃষ্টিভেজা চেয়ার তারা মুছে বসে পড়ে নির্দিষ্ট আসনে। এবার আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। অংশ নেওয়া ১৪২ জন শিক্ষার্থীদের বাছাই শেষে অনুষ্ঠানের সঞ্চালক সেরা ৫০ জন শিক্ষার্থীর নাম ঘোষণা করেন। শিক্ষার্থীরা পাঁচটি পর্বে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি পর্ব থেকে দুজন করে শিক্ষার্থী বিজয়ী হয়ে ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয়।ফাইনালে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। যেন ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্রমেদিনী’। সেই লড়াই টাইব্রেকারে গিয়ে থামে। অবশেষে সিলেট সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রেহমুমা মোবিনের গলায় ওঠে বিজয়ীর পদক। মুহুর্মুহু করতালি আর ফুলেল শুভেচ্ছায় রেহমুমাকে বরণ করে নেওয়া হয়। বিজয়ীর প্রতিক্রিয়ায় রেহমুমা বলে, ‘যন্ত্র আর মস্তিষ্ক—দুইয়ে মিলে আমি আই-জিনিয়াস। আমি মস্তিষ্ক খাটিয়েছি আর মোবাইল নামের যন্ত্রটির বাটন টিপে ইন্টারনেটকে সঠিকভাবে কাজে লাগিয়েছি। ফলে বিজয়ীও হয়েছি।’