হারিয়ে যাওয়া শহর হেরাক্লেওন (ভিডিও)
হাজার বছর আগে আকেজান্দ্রিয়ার কাছে ভূমধ্যসাগরের পানির নীচে হারিয়ে গিয়েছিল মিশরের এক সমৃদ্ধ প্রাচীন নগর ‘হেরাক্লেওন’। প্রত্নতাত্ত্বিকদের এক যুগের প্রচেষ্টায় সম্প্রতি হাজার বছর ধরে ডুবে থাকা পৌরাণিক এ নগরের রহস্যের জট খুলতে শুরু করেছে। ভূমধ্যসাগরের তলায় বালু-কাদার আড়ালে হারিয়ে গিয়েছিল মিশরের এই প্রাচীন শহরটি। ‘হেরাক্লেওন’ শহরের অজানা রহস্য নিয়ে সম্প্রতি সিএনএন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে।প্রাচীন গ্রিস ও মিশরকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানা উপকথা। প্রাচীন মিশরের ‘হেরাক্লেওন’ নামের শহরটি নিয়েও আছে নানা পৌরাণিক কাহিনি। গ্রিক ও মিশরীয় উপকথা অনুসারে ভূমধ্যসাগরের কাছেই এক সময় গড়ে উঠেছিল এক সমৃদ্ধ নগর। প্রাচীন ফারাও সম্রাটদের বাণিজ্যঘাঁটি ছিল এ শহরটি। তবে অজানা কোনো কারণে আলেকজান্দ্রিয়ার কাছে ভূমধ্যসাগরের বুকে আজ থেকে এক হাজার ২০০ বছর আগে হারিয়ে গিয়েছিল একসময়ের সমৃদ্ধশালী এ নগর সভ্যতা। খ্রিস্টপূর্ব ১২ অব্দ থেকে এ শহরটি মিশরীয়দের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। পৌরাণিক কাহিনি অনুসারে, ট্রয়ের রানী হেলেন ও গ্রিক বীর হারকিউলিস এ শহরটি ভ্রমণ করেছিলেন। আর হারকিউলিসের নাম অনুসারেই এ শহরটির নাম হয় ‘হেরাক্লেওন’। অবশ্য ‘থনিস’ বলে এর আরেকটি নামও রয়েছে। হারকিউলিসের ভ্রমণ করার পর এ শহরের কেন্দ্রে তাঁর নামে বিশাল একটি মন্দির স্থাপিত হয়েছিল। ২০০০ সালে এ শহরটি আবিষ্কার করেন ফ্রান্সের গবেষকেরা। চার বছর ধরে ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজির গবেষকেরা ভূমধ্যসাগর পৃষ্ঠের ৩০ ফুট নীচ থেকে ‘হেরাক্লেওন’ শহরটিকে খুঁজে পান। তারপর থেকেই চলছে হারিয়ে যাওয়া হেরাক্লেওনের প্রত্নতত্ত্বের খোঁজে খননকাজ।সম্প্রতি গবেষকেরা গত ১৩ বছরে এ শহরটি থেকে উদ্ধারকৃত প্রত্নতত্ত্ব নিয়ে একটি তথ্যচিত্রও নির্মাণ করেছেন। গবেষকেরা জানিয়েছেন, গত ১৩ বছরের প্রত্নতত্ত্বের খোঁজ থেকে ধারণা পাওয়া যায় এ শহরটি বাণিজ্যকেন্দ্রের পাশাপাশি ধর্ম চর্চার একটা কেন্দ্র ছিল। যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, নীল নদ ও ভূমধ্যসাগর কেন্দ্রিক বাণিজ্য শহর ছিল হেরাক্লেওন। শহরটির ধ্বংসাবশেষ থেকে প্রাচীন মুদ্রা, শিলালিপি, গ্রিক ও মিশরের প্রত্নতত্ত্ব ও সংরক্ষিত মমি উদ্ধার করা হয়েছে। পানির নীচে হারিয়ে যাওয়া শহরটিতে খুঁজে পাওয়া প্রত্নতত্ত্বগুলোর সংরক্ষণ পদ্ধতি দেখে মুগ্ধ বর্তমান সময়ের গবেষকেরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রাচীন মিশরের প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করছেন। এ প্রসঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব-গবেষক ব্যারি কানলিফ জানিয়েছেন, চমত্কারভাবে সংরক্ষিত হয়ে আছে এর প্রত্ননিদর্শনগুলো। হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শত শত বছর ধরে ভূমধ্যসাগরের বালু আর কাদার নীচে চমত্কার ভাবে সংরক্ষিত হয়ে আছে হারিয়ে যাওয়া প্রাচীন এ নগরী।চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকের একটি দল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘হেরাক্লেওন’ শহর নিয়ে তাঁদের গবেষণার ফল প্রকাশ করেন। তবে গবেষকেরা এ শহরটির হারিয়ে যাওয়ার রহস্যের কোনো কিনারা করতে পারেননি। তাঁরা কেবল ধারণা করছেন, শহরের বিশাল বিশাল বাড়ির ভারে আর ভূমিকম্পের কোনো এক ধাক্কায় হয়তো কোনো এক সময় ভূমধ্যসাগরের গহিন জলের নীচে হারিয়ে গিয়েছিল সমৃদ্ধশালী এ নগর।