হার্ডওয়্যার খাতে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিসিএস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার রাজধানীতে বাংলাদেশ হাইটেক পার্ক গভর্নিং বডির প্রথম সভায় কম্পিউটার হার্ডওয়্যার খাতের দেশি ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার প্রণোদনা ও উৎসাহমূলক পদক্ষেপ গ্রহণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ বলেছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠার মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাত জ্যামিতিক হারে বিকশিত হবে। আগামী বাজেটে এই সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাবে বলে তিনি আশা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠকে দেশে প্রযুক্তিপণ্য সংযোজন শিল্পে উৎসে কর মওকুফ সুবিধাসহ নানা রকম প্রণোদনা প্যাকেজ গ্রহণ এবং সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা (আইটিইএস) খাতে থাকা সুবিধাগুলো হার্ডওয়্যার খাতে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা দূরদর্শী।
বিজ্ঞপ্তি