
যা গরম পড়েছে, তাতে ভারী মেকআপ নেওয়ার কথা তো ভাবাই যাচ্ছে না। হালকা রঙের পোশাকই পরতে চাচ্ছেন সবাই। কিন্তু দৈনন্দিন নানা উপলক্ষ তো থাকেই, যেখানে সামান্য হলেও সাজগোজ করতেই হয়। হালকা পোশাকের সঙ্গে হালকা সাজ—এমনটাই চলুক এই সময়ে।
এ নিয়ে পরামর্শ দিয়েছেন কিউবেলার প্রধান রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নি। তিনি বললেন, এখন ভাপসা গরম বোধ হচ্ছে। চুল আর ত্বকে চড়া রোদের নানা ক্ষতিকর প্রভাব দেখা যেতে পারে। হালকা মেকআপ আপনাকে প্রচণ্ড রোদের আবহ থেকেও রক্ষা করতে পারে, যদি সেটা ঠিকঠাক নিতে পারেন। এই সময়ের সবগুলো প্রসাধনী হওয়া উচিত তেলমুক্ত (অয়েল ফ্রি)। পাশাপাশি সচেতন হতে হবে সানস্ক্রিন ব্যবহারের প্রতিও।
বাইরে বের হওয়ার আগে সবার প্রথমেই ফেসওয়াশ বা ফোমিং ক্লেনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। আলতো করে মুখ মুছে এবার ত্বকে সানস্ক্রিন লোশন বা ক্রিম লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন। এর ফলে এটি ত্বকে ভালোভাবে মিশে যাবে। সানস্ক্রিন লাগানোর আগে বা পরে ময়েশ্চারাইজার লাগানোর প্রয়োজন নেই। এবার মুখে ফেস পাউডার বা মিনারেল পাউডার মাখুন। পানিরোধী (ওয়াটারপ্রুফ) লাইনার বা কাজল দিয়ে চোখে লাইন করে নিয়ে মাশকারা দিয়ে নিন। এই গরমে চোখে শ্যাডো ব্যবহার না করাই ভালো। গালে ব্লাশ দিতে হলে গোলাপি, কমলা, বাদামি এসবের হালকা শেড ব্যবহার করতে পারেন।
রাতের পার্টিতে একটু ভারী মেকআপ না হলেই নয়। সেখানে আপনি পোশাকটা উজ্জ্বল রঙের বেছে নিন। সাজের চমক আনতে পারেন চোখে বা ঠোঁটে। সাজের বেজ দিনের মতো হালকাই রাখুন। স্টিক ফাউন্ডেশন বা প্যানস্টিক দিয়েও বেজ করতে পারেন। চোখে এবার যোগ করুন মানানসই শ্যাডো। গরমে শ্যাডো গলে যাওয়া প্রতিরোধে প্রথমেই প্রাইমার লাগিয়ে নিন। ঠোঁটে উজ্জ্বল বা নিওন কালার খুব চলছে এই সময়ে। বেছে নিতে পারেন ম্যাজেন্টা, লাল, চড়া গোলাপি, কমলা, হালকা বেগুনি রংগুলো।
যেকোনো মেকওভারেই গুরুত্বপূর্ণ হলো চুল। এই গরমে চুল হওয়া চাই নিপাট এবং গোছানো। ঘাড়ে লেপটানো, এলোমেলো চুল এই গরমে অস্বস্তিই তৈরি করবে। তাই হালকা বাম্পিং করে পনিটেল বা খোঁপা করাই ভালো। সাধারণ উপলক্ষে এলোমেলো বা মেসি ভাব আনতেই পারেন। মেসি পনিটেল, ঢিলেঢালা বেণি, একপাশে খোঁপা, প্যাঁচানো (টুইস্টিং) বা কোঁকড়া (কার্ল) সবই মানিয়ে যাবে। চুলে বেলি বা সাদা অন্য যেকোনো ফুলও গুঁজে নিতে পারেন।