হালকা হচ্ছে প্রযুক্তিপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বোস্টনে অনুষ্ঠিত ‘সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লেস ডিসপ্লে উইক’ প্রদর্শনীতে ‘গরিলা’ নামে একটি গ্লাস বা কাচ উদ্ভাবনের ঘোষণা দেওয়া হয়েছে। কাচটি ‘আলট্রা-স্লিম ফ্লেক্সিবল গ্লাস’ অর্থাৎ অতিপাতলা নমনীয় কাচ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কাঁচটি প্রযুক্তিপণ্যের বর্তমান চেহারা পুরোপুরি বদলে দেবে। নিউইয়র্কের গ্লাস গবেষণা প্রতিষ্ঠান ‘করনিং’ জানিয়েছে, এই নতুন উদ্ভাবিত গ্লাসটি সহজেই কাগজের মতো মোড়ানো যাবে। তবে কৌশলটি উদ্ভাবন করা হলেও এখন তা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। কাচটি অত্যন্ত হালকা-পাতলা হওয়ায় সহজেই তা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং টেলিভিশনসহ পুরো প্রযুক্তির চেহারাই খুব সহজেই পাল্টে দেবে। করনিংয়ের উইলো গ্লাস প্রকল্পের পরিচালক এবং বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট দীপক চৌধুরী বলেন, ‘ডিসপ্লে যত হালকা ও পাতলা হবে, প্রযুক্তিপণ্যের চেহারা ততই সূক্ষ্ম এবং পাতলাভাবে তৈরি করা সম্ভব হবে। গ্লাসের পুরুত্ব হবে একটি কাগজের মতো অর্থাৎ মাত্র ০.০৫ মিলিমিটার। শুধু তাই নয়, এটি খুব সহজে ভাঁজও করা যাবে।’ এ ধরনের পাতলা কাচ ইতিমধ্যেই বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানকে সরবরাহ করা শুরু হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই এই প্রযুক্তি একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। প্রযুক্তিপণ্যগুলো আরও অনেক বেশি স্লিম এবং হালকা হয়ে বাজারে আসবে। —ইয়াহু নিউজ অবলম্বনে প্রদীপ সাহা