হালনাগাদ করা হয় না কুষ্টিয়ার জেলা তথ্য বাতায়ন
কুষ্টিয়া জেলার সরকারি ওয়েবসাইটে জেলা তথ্য বাতায়নের তথ্য হালনাগাদ করা হয় না। ফলে সাইটে জেলাটির অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির নাম পরিবর্তিত হয়নি। এমনকি যেসব দপ্তর ও প্রতিষ্ঠানের পাতা রয়েছে, সেগুলোর বেশির ভাগে কোনো তথ্য নেই। তথ্য বাতায়নের এই সাইটে মন্তব্যের পাতায় বেশির ভাগ মন্তব্যেই রয়েছে হালনাগাদের অভিযোগ।কুষ্টিয়া জেলা তথ্য বাতায়নে (www.dckushtia.gov.bd) ঢুকলে পাওয়া যাবে কুষ্টিয়া জেলার নানা তথ্য। অসংখ্য ভুলে ভরা তথ্য নিয়ে চলছে এই সাইট। সঠিক সময়ে হালনাগাদ না করায় এমনটি হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।তথ্য বাতায়নে জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের সঠিক তথ্য থাকলেও অন্যান্য কর্মকর্তা ও সরকারি দপ্তরের প্রধানদের ক্ষেত্রে তা করা হয়নি। সাইটের জরুরি সেবাসমূহ বিভাগে পুলিশ সুপার হিসেবে একরামূল হাবীবের নাম রয়েছে। অথচ তিনি সাত মাস আগে বদলি হয়ে গেছেন। এমনকি অতিরিক্ত পুলিশ সুপারের নামের জায়গায় এ আর এম আলিফের নাম রয়েছে। তিনি দুই বছর আগে বদলি হয়ে গেছেন। প্রায় সব তথ্যের ক্ষেত্রেই এমন অবস্থা। হালনাগাদ প্রসঙ্গে সড়ক ও জনপথ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, দুই মাস আগে সওজ অফিসের কর্মকর্তাদের যাবতীয় তথ্য লিখিতভাবে জেলা অফিসে পাঠানো হয়েছে। এখনো হালনাগাদ করা হয়নি, সেটা জেলা প্রশাসন জানে। কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ বলেন, সব তথ্য হালনাগাদ করা হয়নি। করা সম্ভবও নয়। কেননা এ কাজের জন্য নির্দিষ্ট কোনো কর্মকর্তা নেই। অফিসের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি যতটুকু পারেন করেন। অন্যান্য সরকারি অফিসে বলা আছে, কর্মকর্তা পরিবর্তন হলে তাঁদের হালনাগাদ নাম জেলা অফিসে জানানো। কিন্তু সেটা না পাওয়ার কারণে হালনাগাদে সমস্যা হচ্ছে। —তৌহিদী হাসান, কুষ্টিয়া