হাসি ফোটান সামান্থা
মূল রচনা: বাংলাদেশের ছেলে গোলাম মোরশেদকে বিয়ে করেছিলেন ইংরেজ তরুণী সামান্থা। তাঁর গড়া প্রতিষ্ঠান ‘হাতে বুনানো’ এখন হাসি ফোটাচ্ছে বাংলাদেশের হাজারো দরিদ্র নারী আর সারা বিশ্বের শিশুদের মুখে


শুরুতেই একটা প্রেমের গল্প। ইংরেজ তরুণীর সঙ্গে বাংলাদেশি ছেলের প্রেম। তরুণীর নাম সামান্থা। বাংলাদেশি তরুণের নাম গোলাম মোরশেদ। সামান্থার নামের সঙ্গে কীভাবে মোরশেদ যুক্ত হলো, সেই গল্পই শুনুন। গোলাম মোরশেদ তখন থাকেন ইংল্যান্ডে। সামান্থা এসেছিলেন তাঁর সঙ্গে বাংলাদেশে বেড়াতে। তখন তাঁরা শুধুই বন্ধু। সে কবেকার কথা? বহু বছর আগের।

সামান্থার ভাষায়, ‘ঢাকায় তখনো হলুদ রঙের টু স্ট্রোক বেবিট্যাক্সি চলে। সবুজ রঙের ফোর স্ট্রোক সিএনজিচালিত অটোরিকশা তখনো আসেনি। বাতাসে পেট্রল-ডিজেলের গন্ধটা খুব নাকে লাগত।’
সেটা ১৯৯২ সাল। বাংলাদেশ প্রথম দেখায় সামান্থার ভালো লেগেছিল। তবে তার চেয়েও বেশি ভালো লেগেছিল, এই মাটির জল-হাওয়ায় বেড়ে ওঠা বন্ধু মোরশেদকে। তার প্রমাণ বিয়ে। কিছুদিন পরেই বিলেতি ম্যাম আর বাংলাদেশি ‘বাবু’র বন্ধুত্বটা গড়ায় পরিণয় অবধি। ইংল্যান্ডে বিয়ের পিঁড়িতে বসার পরই সামান্থা হলেন সামান্থা মোরশেদ।
ভাবছেন, অন্য আট-দশটা দম্পতির মতো এবার বিলেতেই সুখেশান্তিতে ঘরকন্না শুরু করলেন তাঁরা? হয়তো তেমনটাই হতে পারত। হয়নি, কারণ সামান্থা নিজেই।
‘খুব ইচ্ছে ছিল আমার সন্তানদের বাংলাদেশ দেখানোর। হতে পারে বাংলাদেশ ব্রিটেনের মতো উন্নত দেশ নয়। কিন্তু শিকড় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার সন্তানেরা জানবে না তাদের বাবার দেশটা কী রকম? শিকড়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না, সেটা কীভাবে হয়? সে কারণেই বিয়ের পর বাংলাদেশে ফিরতে চেয়েছিলাম।’
মোরশেদ দম্পতি তাঁদের পরিকল্পনামতোই কাজ করেছিলেন। তাঁরা থিতু হয়েছিলেন বাংলাদেশে। কিন্তু তাঁদের এই বহুজাতিক প্রেমকাহিনি বা পরিণয়ই আমাদের এই খুদে আখ্যানের মূল উপজীব্য নয়। সামান্থা মোরশেদ এবং তাঁর জীবন এবারের প্রচ্ছদ রচনায় উঠে আসার কারণ অন্যত্র।

হাতে বুনানো
গুলশানের শ্বশুরবাড়িতে তাঁরা মোটামুটি একান্নবর্তী পরিবার। সেখানে মানিয়ে নিতে মোটেও কষ্ট হয়নি সামান্থার। অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এই নারী ভাবছিলেন অন্য কিছু। শুধু গৃহিণী বা সাধারণ চাকরিজীবী না হয়ে তিনি নিজের উদ্যোগেই করতে চাইছিলেন নতুন কিছু। সেই নতুন কিছুটা কী? সেটা ঠিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দিয়ে হয় না। তিনি এটাও দেখেছিলেন, বাংলাদেশের দরিদ্র নারীদের। তারা উদয়াস্ত পরিশ্রম করে। কিন্তু দিন শেষে রোজগার বলতে যা হয়, তা খুব সামান্য। তাদের একটা দক্ষতা বিশেষভাবে নজর কাড়ল সামান্থার। বাংলাদেশের মেয়েরা প্রায় সবাই কমবেশি হাতের কাজে দক্ষ। হস্তশিল্পের কিছু কিছু কাজ নিজেদের পরিবার থেকেই শিখে বড় হন তাঁরা। তাঁদের এই দক্ষতার ওপর ভর করেই এগোনোর সিদ্ধান্ত নিলেন সামান্থা।

২০০৪ সালে বাংলাদেশে পাড়ি জমানোর পরপরই সামান্থা শুরু করেন তাঁর প্রতিষ্ঠান ‘হাতে বুনানো’র কাজ। পুঁজি বলতে মাত্র ৫০০ ডলার।
উল বোনার কাজে ভালো হাত ছিল সামান্থার। সেই তিন বছর বয়সেই শিখেছিলেন হাতের কাজ। ঢাকায় কিছু নারীকে উলের কাজে প্রশিক্ষণ দিতে শুরু করেন সামান্থা। শুরুতে তাঁর ঘরেই কয়েকজন নারীকে প্রশিক্ষণ দেওয়া শেষ করেন তিনি। স্বামী গোলাম মোরশেদ তাঁর সবকিছু নিয়ে ছিলেন স্ত্রীর পাশে। এরপর তাঁরা নজর দেন গ্রামের দিকে। নিজেরাই গ্রামে গিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ শুরু করেন। বাচ্চাদের খেলনা তৈরি করতেন তাঁরা।
‘পা ভাঁজ করে ঘণ্টার পর ঘণ্টা মেঝেতে বসে থাকা। গ্রামের মেয়েদের কাজ শেখানো। তাদের কাছ থেকে টুকটাক ইংরেজি শেখা।’ সঙ্গে গোলাম মোরশেদ যোগ করলেন।
‘এমন হয়েছে, সামান্থা মেয়েদের কাজ শেখাচ্ছে আর আমি দেখছি রান্নাবান্না।’
তাঁদের চোখে সেই দিনগুলো এখনো ঝলমল করে। মিস করেন খুব হাতে বুনানোর শুরুর সেই দিনগুলো।
এখন অলাভজনক সংগঠন হাতে বুনানো দারুণ এক সাফল্যের নাম। হাতে বুনানোর সুবাদে নিজেদের পায়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রায় পাঁচ হাজার দরিদ্র সুবিধাবঞ্চিত নারী।
সামান্থা ঠিক বুঝে নিয়েছিলেন, শুধু সাময়িক ত্রাণ বা অর্থসহায়তা দিয়ে তাঁর হাতে বুনানোর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। লম্বা সময় ধরে গ্রামের মেয়েদের পাশে থাকার জন্য দরকার লাভজনক একটা কিছু। বাংলাদেশের মেয়েদের হাতে তৈরি ও হাতে বোনা বাচ্চাদের এসব খেলনার ভালো চাহিদা আছে বিদেশে। হাতে বুনানোকে দুনিয়াজুড়ে ছড়িয়ে দিতে ২০১০ সালে তাঁরা দাঁড় করান পেবল। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার বড়সড় খেলনার দোকানগুলোতে জায়গা করে নিয়েছে হাতে বুনানোর খেলনাসামগ্রী। বাংলাদেশের মেয়েরা হূদয়ের সব মমতা ঢেলে তৈরি করছেন রঙিন সুন্দর খেলনা। সেসব খেলনা হাসি ফোটাচ্ছে সারা বিশ্বের শিশুদের মুখে। ভাবতেই তো বুকটা ভরে যায়। পেবলস নিয়ে আরও জানা যাবে এই ওয়েবসাইট থেকে।
www.pebblechild.com

এই বেলা আমরা আবার সম্ভবত শুরুর সেই প্রেমকাহিনিতে ফেরত যেতে পারি। ঢাকায় এখন কেমন আছেন সামান্থা মোরশেদ ও গোলাম মোরশেদ দম্পতি?
দুই ছেলে নিয়ে এখন সুখের সংসার তাঁদের। বড় ছেলে জাকী মোরশেদের বয়স ১৪। ছোট ছেলে তৌফিক মোরশেদের ১১। গুলশানের একটা স্কুলে পড়ে তারা। দুজনেরই গান-বাজনার দিকে প্রচণ্ড ঝোঁক। ভালো গিটার আর পিয়ানো বাজায় দুই ভাই।
‘বাংলাদেশে আমার মনে হয় অনেক শান্তিতে আছি। বাংলাদেশকে আমার সব সময়ই মনে হয় রঙিন, সজীব আর শব্দময় একটা জায়গা। এখানকার মানুষদের কোনো তুলনা হয় না। ঢাকায় হয়তো কিছু অসুবিধে আছে, কিন্তু সুবিধেও অনেক। ঘরকন্না সামলানো থেকে শুরু করে প্রতিদিনকার সব কাজে আমি খুব সহজেই অনেক মানুষজনকে পাশে পাই। বিদেশে যেটা একেবারেই অসম্ভব।’ বলছিলেন সামান্থা। তাঁদের ঢাকার গুলশানের বাড়িতে আমাদের গত মাসের সান্ধ্য আলাপ ততক্ষণে জমে উঠেছে।
গোলাম মোরশেদ যোগ করলেন, ‘আমরা চাই, আমাদের দেখে অন্যরা দেশে ফিরতে আগ্রহী হোক। শুধু বিদেশেই কেন আমাদের কাজ খুঁজতে যেতে হবে?’
শেষে সামান্থা যোগ করলেন, ‘বাংলাদেশে যেদিকে তাকাই, আমি কেবল সম্ভাবনা দেখি। গ্রামের মানুষদের সঙ্গে একসঙ্গে কাজ করার যে আনন্দ, সেটা আমি অন্য কোনো কিছুতে পাইনি।’
সামান্থা মোরশেদ ও গোলাম মোরশেদের জীবনের গল্প এমনকি এই কঠিন সময়েও নিশ্চয়ই আমাদের মনে সাহস জোগাবে।

অসহায়ের সহায়
সামান্থা সব সময় কাজ করতে চেয়েছেন নিজেকে আড়ালে রেখেই। সে কারণেই সম্ভবত সামান্থার অর্জন তেমনটা উঠে আসেনি বাংলাদেশের পত্রপত্রিকায়। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সামান্থা পরিচিতি পেয়েছিলেন আগেই।
২০০৯ সালের এপ্রিল মাসে বিবিসি নিউজ তাদের ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করে হাতে বুনানো নিয়ে। যমুনার এক প্রত্যন্ত চর থেকে প্রতিবেদনটি তৈরি করেন বিবিসি সাংবাদিক মার্ক ডুমেট। প্রতিবেদনের শিরোনাম ছিল ‘টেকিং জবস টু বাংলাদেশ’স পুওর’। এই প্রতিবেদনে ডুমেট লিখেছিলেন, হাতে বুনানোর হাত ধরে কীভাবে নিজের পায়ে দাঁড়িয়েছে প্রত্যন্ত সেই চরাঞ্চলের নারীরা। সে বছরই ব্রিটেনের রানির কাছ থেকে এমবিই (মেম্বর ইন দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ আম্পায়ার) উপাধি পান।
গেল বছরের সেপ্টেম্বর মাসে হাতে বুনানোর কার্যক্রম নিয়ে একটি কেস স্টাডি প্রকাশিত হয় মর্যাদাপূর্ণ এমআইটি ইনোভেশনস সাময়িকীতে। ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এই জার্নালে হাতে বুনানোকে দেখা হয়েছে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের একটি আদর্শ মডেল হিসেবে। উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনায় সামান্থা মোরশেদ এখন সমাজ পরিবর্তনের এক অগ্রপথিকের নাম।