
মানুষের বিভিন্ন ধরনের হাসি দেখে আমাদের মস্তিষ্কে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ঘটে। জার্মানির টুয়েবিংগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। তাঁরা মস্তিষ্কে অত্যন্ত সংবেদনশীল ‘হাসি শনাক্তকরণ ব্যবস্থা’ খুঁজে পেয়েছেন। এ ব্যবস্থায় বোঝা যায় ‘প্রাণখোলা হাসি’ এবং ‘বিদ্রূপ’ বা ‘উপহাসপূর্ণ হাসির’ পার্থক্য। এতে প্রকাশ ঘটে ব্যক্তির মানসিকতার।গবেষণায় বিভিন্ন হাসির প্রতিক্রিয়ায় মস্তিষ্কের গতিবিধি বিশ্লেষণ (স্ক্যান) করা হয়। প্লস ওয়ান সাময়িকী জানায়, হাসির নেপথ্য কারণ হিসেবে আনন্দ, শ্লেষ কিংবা সুড়সুড়ির মতো বিভিন্ন ব্যাপার চিহ্নিত করার কৌশল আমরা ছোটবেলা থেকেই শিখতে শুরু করি। প্রতিটি হাসির ক্ষেত্রে মস্তিষ্ক আলাদা প্রতিক্রিয়া দেখায়। সংশ্লিষ্ট গবেষক ড্রিক ওয়াইল্ডগ্রুবার বলেন, কাউকে নিয়ে হাসাহাসি এবং কারও সঙ্গে হাসাহাসির মধ্যে পার্থক্য রয়েছে এবং তা ভিন্ন ভিন্ন সামাজিক পরিণাম ডেকে আনে। সুড়সুড়ি দিলে অধিকাংশ মানুষই হাসে। সুখী মনোভাব প্রকাশে ‘সামাজিক হাসি’ বিনিময়ের প্রচলন রয়েছে। আবার বন্ধুবান্ধবদের মধ্যে এক ধরনের বিদ্রূপাত্মক হাসিও দেখা যায়।সুড়সুড়িতে মানুষ ছাড়াও অন্য কয়েকটি প্রাণী হাসে। এটি তাদের খেলা এবং পারস্পরিক বন্ধনের একটি বৈশিষ্ট্য। মানুষের সামাজিকতায় বিভিন্ন ধরনের হাসির ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই রয়েছে। তবে নিজের হাসির প্রভাব স্বাস্থ্যের জন্য উপকারী বলেই চিকিৎসকেরা মনে করেন। হাসিকে সবচেয়ে ভালো ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ৩৩ জন সুস্থ নারীর ওপর গবেষণার ভিত্তিতে বলছেন, প্রাণখোলা হাসিতে মানুষের রোগপ্রতিরোধের ক্ষমতা ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
ওই গবেষণায় অংশগ্রহণকারীদের একাংশকে একটি হাস্যরসপূর্ণ ভিডিওচিত্র দেখতে দেওয়া হয় এবং অপর অংশকে দেওয়া হয় পর্যটনের ওপর একটি নীরস তথ্যচিত্র। ছবি দেখা শেষ হলে প্রত্যেকের শরীরের রোগপ্রতিরোধকারী কোষের (ইমিউন সেল) নমুনা সংগ্রহ করে ক্যানসার কোষের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এতে দেখা যায়, কমেডি ভিডিওচিত্র দেখে যে দর্শকেরা উচ্চস্বরে প্রাণবন্ত হাসিতে ব্যস্ত ছিলেন, তাঁদের ইমিউন সেলে ক্যানসারের বিস্তারের হার তুলনামূলক কম। পিটিআই।