হাসিয়া ভাবিয়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইগ নোবেল পুরস্কার ২০১৫
ইগ নোবেল পুরস্কার ২০১৫

পৃথিবীর যাবতীয় অদ্ভুত ও উদ্ভট উদ্ভাবন, আবিষ্কার আর তত্ত্বের জন্য প্রতিবছর ইগ নোবেল পুরস্কার দেয় অ্যানালস অব ইমপ্রোবাবল রিসার্চ নামের মার্কিন পত্রিকা। এই পুরস্কারের স্লোগান হলো: ‘আগে হাসুন, তারপর ভাবুন।’ ১৯৯১ সাল থেকে ইগ নোবেল দেওয়া হচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর ইগ নোবেলের ২৫তম আয়োজনের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে। এ বছরের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছয়জন সত্যিকারের নোবেল পুরস্কার বিজয়ী। আর ইগ নোবেল বিজয়ীদের প্রত্যেককে দেওয়া হয়েছে ১০ ট্রিলিয়ন ডলার (তবে সেটা জিম্বাবুইয়ান ডলার)!

সেদ্ধ ডিম থেকে তাজা ডিম
সেদ্ধ ডিম থেকে তাজা ডিম

রসায়ন
সেদ্ধ ডিম থেকে তাজা ডিম

এত দিন মানুষ ডিম খেত সেদ্ধ করে। এবার সেদ্ধ ডিম আবার তাজা করে চাইলে বাজারেও বেচতে পারবে! এমন উদ্ভট কল্পনা কোনো বিজ্ঞান কল্পগল্পেও আছে কি না সন্দেহ! তবে সেই অকল্পনীয় কাজটিই করে রসায়নে ইগ নোবেল জিতেছেন অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ১২ জন বিজ্ঞানী। তাঁরা এমন এক যন্ত্র বানানোর নকশা দিয়েছেন, যেখানে সেদ্ধ ডিম আবার তাজা ডিমে পরিণত হবে!

বিশ্বজনীন ‘হাহ্?’
বিশ্বজনীন ‘হাহ্?’

সাহিত্য
বিশ্বজনীন ‘হাহ্?’
আপনি দোভাষী? না বহুভাষী? তিন ইউরোপীয় গবেষক আপনাকে পৃথিবীর সব ভাষা শেখার উপায় বাতলে দিয়েছেন! পৃথিবীর সব ভাষার মধ্যে কোনোভাবেই একক কোনো মিল পাওয়া যায় না। কিন্তু ‘হাহ্?’ বা ‘হ্যাঁ?’ শব্দটি পৃথিবীর সব ভাষাতেই পাওয়া যায়। একটি শব্দ শিখলেই আপনি পৃথিবীর সব ভাষা শিখে যাবেন! দারুণ না ব্যাপারটা? ‘হ্যাঁ?’ শব্দটি সব ভাষায় আবিষ্কার করতে পেরে সাহিত্যে ইগ নোবেল পেয়েছেন সেই গবেষকরাই। তবে কেন এই শব্দটি সব ভাষায় আছে, তার কারণ অবশ্য অনুসন্ধান করতে পারেননি তাঁরা। এ কারণেও অবশ্য অনেকেই তাঁদের ধন্যবাদ জানিয়েছে! ব্যাপারটা পরিষ্কার তো, হাহ্?

ঘুষবিরোধী পুলিশ
ঘুষবিরোধী পুলিশ

অর্থনীতি
ঘুষবিরোধী পুলিশ
অর্থনীতিতে এবারের ইগ নোবেল পেয়েছে থাইল্যান্ডের ব্যাংকক মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ। পুলিশ বাহিনীর কেউ যেন ঘুষ না নেন, এ জন্য কর্তৃপক্ষ তাঁদের আগে থেকেই অতিরিক্ত টাকা দেয়। আর এই মহৎ উদ্যোগের জন্যই তাঁদের হাতে উঠল অর্থনীতিতে ইগ নোবেল।

ব্যথা মাপার স্কেল
ব্যথা মাপার স্কেল

শারীর ও পতঙ্গতত্ত্ব
ব্যথা মাপার স্কেল
পোকামাকড় মানুষকে কামড়ালে শরীরে কেমন ব্যথা হয়? মেপে দেখেছেন কখনো? পাগল ঠাওরাবেন না দয়া করে! আমাদের থেকেও বড় পাগল আছে দুনিয়ায়। পোকামাকড় কামড়ালে কেমন ব্যথা হয়, সেটা পরিমাপের বিশেষ স্কেল তৈরি করেছেন জাস্টিন স্মিড। আর তাতেই শিকে ছিঁড়েছে। শারীর ও পতঙ্গতত্ত্বে ইগ নোবেল জয় করেছেন তিনি। আর গবেষক মাইকেল স্মিথ নিজের শরীরের ২৫টি জায়গায় মৌমাছির হুল ফুটিয়ে দেখানোর চেষ্টা করেছেন, ঠিক কোন জায়গাটায় সবচেয়ে বেশি ব্যথা অনুভূত হয়! ওপরের ঠোঁট আর নাকের ছিদ্রেও তিনি মৌমাছির হুল ফুটিয়েছিলেন। তাঁর গবেষণার জন্যই পৃথিবীবাসী এখন জানবে, ঠোঁটে মৌমাছি কামড়ালে সবচেয়ে বেশি ব্যথা হয়। একই বিভাগে ইগ নোবেল জিতেছেন তিনিও।

দুর্যোগেই সাফল্য!
দুর্যোগেই সাফল্য!

ব্যবস্থাপনা
দুর্যোগেই সাফল্য!
ব্যবসার দুনিয়ার যাঁরা সফল, তাঁরা নাকি ছোটবেলায় দুর্যোগের সময় ঝুঁকি নিতে পছন্দ করতেন! দুর্যোগ বলতে একেবারে প্রাকৃতিক দুর্যোগই। যেমন: ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও দাবানল উল্লেখযোগ্য। সাফল্যের এই গোপন সূত্র আবিষ্কার করে ব্যবস্থাপনা বিভাগে ইগ নোবেল জয় করেছেন তিন বিজ্ঞানী।

চিকিৎসাবিদ্যা
চুমুতে অ্যালার্জি নাশ
আপনার সব অ্যালার্জি সমস্যার সমাধান আছে চুমুতে। এমনই বায়োমেডিকেল উপযোগিতার তত্ত্ব আবিষ্কার করে চিকিৎসাবিদ্যায় ইগ নোবেল পুরস্কার বাগালেন আট গবেষক। চুমুর কারণে মানুষের ত্বকের অ্যালার্জি কমে যায় বলে প্রমাণ করেছেন তাঁরা। এই তত্ত্বটি প্রকাশিত হয়েছিল ২০০৩ সালে। গত ১২ বছর পৃথিবীর বিভিন্ন দেশের দুই হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে অবশেষে তাঁরা প্রমাণ করেছেন, চুমুতেই অ্যালার্জি নাশ!

প্রায় হাজার পুত্রের জনক নিয়ে গবেষণা
প্রায় হাজার পুত্রের জনক নিয়ে গবেষণা

গণিত
প্রায় হাজার পুত্রের জনক নিয়ে গবেষণা
মরক্কোর আলাওতে রাজবংশের দ্বিতীয় সম্রাট ছিলেন ইসমাইল ইবনে শরিফ। ভীষণ দুর্নাম ছিল এই শাসকের। তাঁর আমলে প্রজারা ছিল মহা অশান্তিতে। তবে ইসমাইল ইবনে শরিফ নিজে ছিলেন মহা সুখে। অন্যায়-অত্যাচার চালানোর পাশাপাশি বিয়ে-শাদিও করেছিলেন বেশ কয়েকবার। আর তাঁর সন্তানের সংখ্যা ছিল মোটে ৮৮৮ জন! ১৬৯৭ থেকে ১৭২৭ সালের মধ্যে এতগুলো সন্তানের জনক তিনি কীভাবে হলেন? ইউরোপের দুই গবেষক গাণিতিক উপায়ে দেখিয়েছেন সেটা কীভাবে সম্ভব! এত কিছুর পরও তাঁরা ইগ নোবেল না পেলে ভারি অন্যায় হতো!

রোগ নির্ণয়বিদ্যা
ঝাঁকিতে অ্যাপেনডিক্স ব্যথা শনাক্ত
আপনার অ্যাপেনডিক্সের ব্যথার মাত্রা কেমন? চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করাতে না চাইলে গাড়িতে উঠুন। এবড়োখেবড়ো পথে নামুন। ব্যস, জেনে যাবেন! এই তথ্য জানানোর জন্যই ডায়াগনস্টিক মেডিসিনে ইগ নোবেল নিয়ে গেলেন আট গবেষক।

মুরগি যখন প্রায় ডাইনোসর
মুরগি যখন প্রায় ডাইনোসর

জীববিজ্ঞান
মুরগি যখন প্রায় ডাইনোসর
মুরগিরাও নাকি এখন হাঁটতে পারে ডাইনোসরের মতোই। এর ফলে মুরগির নাম বদলে ‘মুরগিসর’ রাখা যেতে পারে! মুরগির পেছনের দিকে ভারী লেজ লাগালেই ওদের হাঁটা নাকি ডাইনোসরের হাঁটার মতো হয়ে যায়। বাস্তবে এই তত্ত্ব প্রমাণ করে ছেড়েছেন ইগ নোবেলজয়ী পাঁচ বিজ্ঞানী।

পদার্থবিজ্ঞান
সব শান্তি ২১ সেকেন্ডে
একটি জীবতাত্ত্বিক তত্ত্ব আবিষ্কার করে এবার পদার্থবিজ্ঞানে ইগ নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের চার বিজ্ঞানী। পৃথিবীর প্রায় সব স্তন্যপায়ীর মূত্রথলি খালি করতে মাত্র ২১ সেকেন্ড সময় লাগে। গড়ে তিন কেজি ওজনের সব স্তন্যপায়ীর মধ্যে অদ্ভুত এই মিল খুঁজে পান ওই বিজ্ঞানীরা।