হিটাচি চিপে তথ্য থাকবে শত কোটি বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টজ কাচে তথ্য সংরক্ষণের নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছে জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিটাচি। প্রতিষ্ঠানটির দাবি, এ পদ্ধতিতে লেখা তথ্য কয়েকশো কোটি বছরেও নষ্ট হবে না। ২৪ সেপ্টেম্বর তথ্য সংরক্ষণের এ পদ্ধতিটির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভির।হিটাচি কর্তৃপক্ষের ভাষ্য, কোয়ার্টজ কাচের ওপর লেখা ডিজিটাল তথ্য খুব বেশি তাপমাত্রা ও প্রতিকূল পরিবেশেও মুছবে না। তথ্যের কোনো বিকৃতি ছাড়াই কয়েকশো কোটি বছর টিকে থাকবে তথ্য। এ প্রসঙ্গে হিটাচির গবেষক কাজুয়োশি তোরি জানিয়েছেন, ‘প্রতিদিন যে পরিমাণ তথ্য তৈরি হয় তা পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখার মত কোন পদ্ধতি আমাদের হাতের নাগালে ছিল না। তাই তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা ঝুঁকি বেড়ে গেছে। বর্তমানে তথ্য সংরক্ষণে ব্যবহূত সিডি ও হার্ডড্রাইভ দশ থেকে সর্বোচ্চ একশো বছর পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে সক্ষম। এছাড়া প্রযুক্তির উন্নয়নে তথ্য পড়ার জন্য ব্যবহূত হার্ডওয়্যারেও এসেছেদ্রুত পরিবর্তন। এ সব সমস্যার সমাধানেই হিটাচি বাইনারি পদ্ধতি ব্যবহার করে পাতলা কোয়ার্টজ কাচের ওপর তথ্য সংরক্ষণ করার পদ্ধতি তৈরি করেছে। এ পদ্ধতিতে দীর্ঘদিন সংরক্ষণের পাশাপাশি সহজে তথ্য পড়া যাবে ।হিটাচির তৈরি করা প্রোটোটাইপ তথ্য সংরক্ষণযোগ্য চিপটির আকার মাত্র ২ সেন্টিমিটার এবং তা মাত্র ২ মিলিমিটার পুরু। হিটাচির দাবি, এ চিপটি রাসায়নিক বিক্রিয়ায় নষ্ট হয় না, রেডিও তরঙ্গে ক্ষতিগ্রস্ত হয় না, এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয় এমনকি এটি পানিরোধী। সরকারি তথ্য, ধর্মীয় তথ্য ও জাদুঘরের বিভিন্ন তথ্য এ চিপটিতে সংরক্ষণ করে রাখা যাবে বলে জানিয়েছেন হিটাচির গবেষক তোরি।কয়েকশো কোটি বছর ধরে তথ্য ধরে সংরক্ষণ উপযোগী এ চিপটি কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে অবশ্য কোনো তথ্য প্রকাশ করেনি হিটাচি।