হিম শীতল অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে ক্লার্কের পথচলা
চলছে ক্লার্কের পথচলা

সন্ধ্যা উতরে আকাশে তখন মস্ত চাঁদ। ফ্যাকাশে আলোতে দিগন্ত জোড়া বরফের প্রান্তর তখন ঝাপসা হয়ে এসেছে। সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। সেই হাওয়া কখনো ১২০ কিলোমিটার বেগে তিরের ফলার মতো ধেয়ে আসছে। তাপমাত্রা নামতে নামতে মাইনাস পঞ্চাশে এসে ঠেকেছে। ঘোর দুর্যোগের মধ্যেই লুইস ক্লার্ক একটু একটু করে এগিয়ে যেতে থাকে দুর্গম দক্ষিণ মেরুর দিকে। এই লুইস ক্লার্কের বয়স সবে ১৬। মেরুতে পৌঁছাতে পারলেই সবচেয়ে কম বয়সে মেরু জয়ের রেকর্ডটা তার বগলদাবা হবে। কিন্তু অভিযানের শেষ দিকটা তার জন্য খুব কঠিন হয়ে পড়ে। ক্লার্ক দিনের আট ঘণ্টা ব্যয় করে যেখানে কম-বেশি ১৮ মাইল অতিক্রম করত। শেষ দিকে সেটি আর সম্ভব হচ্ছিল না। বিরূপ প্রকৃতি আর শরীরেও কুলিয়ে উঠতে পারছিল না ক্লার্ক । ইতিমধ্যে এই বরফের রাজ্যে মাস পেরিয়ে গেছে। ঘুম থেকে উঠেই স্লেজে করে পথচলা শুরু করতে হতো। তারপর শুধু এগিয়ে চলা। জনমানুষহীন এই বিরান প্রান্তরে ক্লার্কের একমাত্র সঙ্গী ও পথপ্রদর্শক ছিল কার্ল আলভি।
২ ডিসেম্বর অ্যান্টার্কটিক উপকূল থেকে যাত্রা শুরু হয় তাদের। ৪৮ দিনের মাথায় গ্রিনিচ মান সময় সন্ধ্যা ছয়টায় গত ১৮ জানুয়ারি ক্লার্ক পৌঁছে যায় গন্তব্যে। যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হসপিটালের সাধারণ এক শিক্ষার্থী এক নিমেষেই বিখ্যাত হয়ে যায় প্রচারমাধ্যমের কল্যাণে। পৃথিবীবাসী বিস্ময় নিয়ে দেখল তার রেকর্ড গড়া। এই অভিযানে ক্লার্ককে প্রায় ৭০০ মাইল পাড়ি দিতে হয়েছে। লুইস ক্লার্ক মেরু স্টেশনে পৌঁছে বলে, ‘আমি সত্যিই খুশি। এই ভেবে স্বস্তি পাচ্ছি যে কাল থেকে আমাকে হিম শীতল বাতাস আর তুষার উপেক্ষা করে স্লেজে চড়ার জন্য ঘুম থেকে জাগতে হবে না। আজকের দিনটি বড় কষ্টের ছিল, যতই মেরুর কাছাকাছি হচ্ছিলাম ততই গতি কমে আসছিল। আর পায়েও কুলাচ্ছিল না, তবে এখন আমি সত্যি সত্যিই পৌঁছে গেছি।’ কানাডার ল্যান্ডি ২০০৫ সালে ১৮ বছর বয়সে দক্ষিণ মেরু জয় করে রেকর্ড গড়েছিল। ল্যান্ডির দুই বছরের ছোট ১৬ বছরের ক্লার্ক ২০১৪ সালে এসে ভেঙে দিল সেই রেকর্ড। আবার অপেক্ষার পালা রেকর্ড ভাঙার...
সিদ্ধার্থ মজুমদার
সূত্র: ডেইলি মেইল, বিবিসি