হিমঘরে গোর্খাল্যান্ড?

অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের ঘোষণায় উৎসাহিত হয়ে আবার দার্জিলিংকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করল পশ্চিম বঙ্গের জনমুক্তি মোর্চা। শুরু হলো টানা বন্ধ কর্মসূচি। কিন্তু স্থানীয়ভাবে তাতে বেশ সাড়া মিললেও কেন্দ্রীয় বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নড়াতে পারেনি। এ কারণে দীর্ঘ ৪৩ দিন একটানা কর্মসূচি দিয়েও দাবি আদায়ের কোনো প্রতিশ্রুতি না পেয়ে মুখরক্ষার জন্য রণে ভঙ্গ দিয়েছে জনমুক্তি মোর্চা।
মোর্চা ঘোষণা দেয়, ৪০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে রাজ্যের দাবির আন্দোলন। কারণ হিসেবে আসন্ন দুর্গাপূজা এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা বলা হয়েছে। তবে জনমুক্তি মোর্চা মুখে যা-ই বলুক, সবার কাছেই এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই যে পৃথক রাজ্যের দাবি মানবে না, মোর্চা এটা ভালো করেই বুঝে গেছে। পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলই চায় না এই রাজ্য ভেঙে দুই টুকরো হোক।
কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা দিয়েছিল, বন্ধ প্রত্যাহার না করা পর্যন্ত জনমুক্তি মোর্চার সঙ্গে কোনো আলোচনা নয়। অন্যদিকে রাজ্য সরকারও বন্ধবিরোধী ভূমিকায় অনড় থাকে। এ কারণে গোর্খা জনমুক্তি মোর্চার বন্ধ প্রত্যাহার করা ছাড়া উপায় ছিল না এবার। এই আন্দোলনের জেরে পাহাড়ের চা এবং পর্যটনশিল্প প্রচণ্ডভাবে মার খায়। পাহাড়বাসীকে বাঁচিয়ে রাখার জন্যই আন্দোলন থেকে সরে আসার পথ খুঁজতে থাকে মোর্চা।
গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি অবশ্য পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে। তবে জনমুক্তি মোর্চা দৃশ্যত বুঝতে পেরেছে, মাত্র একটি জেলা নিয়ে একটি রাজ্য হতে পারে না। এ ধরনের দৃষ্টান্ত নেই ভারতে। অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা হচ্ছে ১০টি জেলা নিয়ে। এর আগে ২০০২ সালের ৯ নভেম্বর উত্তর প্রদেশ ভেঙে উত্তরাখন্ড রাজ্য গঠিত হয় ১৩টি জেলা নিয়ে। বিহার ভেঙে ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয় যথাক্রমে ২৪ ও ১৮ জেলা নিয়ে। এ যুক্তিতেই কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে, শক্তিশালী স্বশাসিত সংস্থা দেওয়া যেতে পারে, তবে রাজ্য নয়।
বিমল গুরুং চাপ দিয়ে দাবি আদায়ের যে কৌশল নিয়েছিলেন, তা যে কার্যকর হবে না, এখন সেটা বুঝতে পেরেছেন। তাই তাঁরা মুখ রেখে এই আন্দোলন থেকে সরে যাওয়ার জন্যই ৪০ দিনের জন্য প্রত্যাহার করে নিয়েছেন দার্জিলিং বন্ধ। এ জন্য অনেকে বলছেন, পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার আন্দোলন আবার হিমঘরেই ঢুকছে।
অমর সাহা