হিমঠান্ডা আইসক্রিম

ফল ও দইয়ের আইসক্রিম

ফল ও দইয়ের আইসক্রিম
ফল ও দইয়ের আইসক্রিম

উপকরণ: পানি ঝরানো টকদই ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কাপ, ভ্যানিলা এসেন্স সিকি চা-চামচ, ফলের কুচি ১ কাপ, আমন্ড-পেস্তা-কাজু কুচি আধা কাপ, ক্রিম ১৭০ গ্রাম ও গুঁড়া দুধ আধা কাপ।
প্রণালি: আধা কাপ ফলের কুচি ও সিকি কাপ বাদাম কুচি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। কয়েক রকম ফুড কালার মিশিয়ে আলাদা আলাদা বাক্সে রেখে ফ্রিজে তিন ঘণ্টা জমাতে হবে।
ফ্রিজ থেকে আইসক্রিম বের করে বাকি ফলের কুচি ও বাদাম কুচি মিশিয়ে চার ঘণ্টা জমিয়ে পছন্দমতো ফলের কুচি দিয়ে পরিবেশন করতে হবে। এতে পাকা আম, কলা, আপেল, সেন, স্ট্রবেরি, চেরি, আঙুর ইত্যাদি ফল ব্যবহার করা যায়।

মধু আর ফলের আইসক্রিম
মধু আর ফলের আইসক্রিম

মধু আর ফলের আইসক্রিম
উপকরণ: ক্যানের কোকোনাট মিল্ক ১ কাপ, নারকেলের মিষ্টি চিড়া আধা কাপ, খেজুর কুচি ১ কাপ, সাগরকলা ২টি, কনডেন্সড মিল্ক ১ কাপ, ক্রিম ১৭০ গ্রাম, মধু ২ টেবিল চামচ ও মিল্ক ফ্লেভার সিকি চা-চামচ।
প্রণালি: আধা কাপ খেজুর কুচি ও নারকেলের চিড়া বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বাক্সে রেখে ফ্রিজে তিন ঘণ্টা জমাতে হবে। ফ্রিজ থেকে বের করে আবার ব্লেন্ড করে তিন ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে আইসক্রিমের বাক্স বের করে আধা কাপ খেজুর কুচি ও নারকেলের চিড়া মিশিয়ে নিতে হবে। আবার ফ্রিজে চার ঘণ্টা রেখে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করতে হবে।

স্ট্রবেরি-মালাই কুলফি
স্ট্রবেরি-মালাই কুলফি

স্ট্রবেরি-মালাই কুলফি
উপকরণ: গুঁড়া দুধ দেড় কাপ, কনডেন্সড মিল্ক আধা টিন, মালাই ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, স্ট্রবেরি সিরাপ আধা কাপ, স্ট্রবেরি এসেন্স সিকি চা-চামচ, পেস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ ও পানি দেড় কাপ।
প্রণালি: গুঁড়া দুধ, পানি, কনডেন্সড মিল্ক, এসেন্স ও কর্নফ্লাওয়ার একসঙ্গে গুলিয়ে ঘন করে জ্বাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এতে মালাই দিয়ে ১০ থেকে ১২ মিনিট বিট করে বাক্সে করে ফ্রিজে তিন ঘণ্টা জমাতে হবে।
ফ্রিজ থেকে কুলফি বের করে স্ট্রবেরি সিরাপ ও বাদাম কুচি মিলিয়ে কুলফির ছাঁচে ঢেলে তিন ঘণ্টা জমাতে হবে।

টিপস
অনেকের ধারণা, বাসায় তৈরি আইসক্রিম ভালো হয় না। আইসক্রিমের ভেতরে বরফ থেকে যায় শক্ত হয়ে যায়। আইসক্রিম নরম হয় না।
 রেসিপির নিয়ম মেনে আইসক্রিম তৈরি করতে হবে।
 আইসক্রিম ঘন করে জ্বাল দেওয়ার পর ভালো করে ব্লেন্ড অথবা বিট করতে হবে। মিশ্রণটা যেন হালকা হয়ে যায়।
 যে পাত্রে আইসক্রিম জমাতে হবে, সেটি শুকিয়ে মুছে নিতে হবে। তারপর ২০ থেকে ২৫ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে আইসক্রিমের মিশ্রণ ঢেলে ফ্রিজে রেখে জমাতে হবে।

চকলেট-আমন্ড আইসক্রিম
চকলেট-আমন্ড আইসক্রিম

চকলেট-আমন্ড আইসক্রিম
উপকরণ: গুঁড়া দুধ ২ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, পানি আড়াই কাপ, চকলেটবার ১টি, কোকো পাউডার ২ টেবিল চামচ, চকলেট ফ্লেভার আধা চা-চামচ, চিনি পৌনে ১ কাপ, ক্রিম ১৭০ গ্রাম, আমন্ড পেস্ট আধা কাপ, আমন্ড কুচি আধা কাপ, জেলাটিন পাউডার ১ টেবিল চামচ, গ্লুকোজ গাম সিকি চা-চামচ ও ৩টি ডিমের সাদা অংশ।
প্রণালি: গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, পানি, চিনি, কোকো পাউডার ও চকলেট একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে চুলায় জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। আধা কাপ পানির সঙ্গে জেলাটিন পাউডার গুলিয়ে দুধের মিশ্রণের সঙ্গে মিলিয়ে নিতে হবে। এতে আমন্ড পেস্ট, গ্লুকোজ গাম, ক্রিম ও এসেন্স দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে বাক্সে করে ফ্রিজে তিন ঘণ্টা জমাতে হবে। ফ্রিজ থেকে আইসক্রিম বের করে ভালোভাবে ব্লেন্ড করে আবার ফ্রিজে রাখতে হবে। এভাবে দুবার করতে হবে। ডিমের সাদা অংশ ফোম করে আইসক্রিমের সঙ্গে মিলিয়ে আমন্ড কুচি ছড়িয়ে পাঁচ ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করতে হবে।