হিমায়িত ডিম্বাণুতে মা হওয়ার স্বপ্ন

৪৪ বছর বয়সী সাংবাদিক সারাহ্ এখনো সন্তান ধারণের স্বপ্ন দেখেন। আর ৩৮ বছর বয়সী টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা সুসানাহ্ প্রস্তুতি নিচ্ছেন মা হওয়ার। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা। কেবল তাঁরা নন, এমন অনেক নারী তাঁদের আশা জাগিয়ে রাখার জন্য বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছেন নিজেদের ডিম্বাণু সংরক্ষণের কাজে।
ডিম্বাণু হিমায়িত করে সংরক্ষণের ব্যবস্থাটি দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। খ্যাতনামা প্রযুক্তিপ্রতিষ্ঠান ফেসবুক সম্প্রতি নিজেদের নারী-কর্মীদের ডিম্বাণু সংরক্ষণের ব্যয়ভার বহনের কাজ শুরু করেছে। আর অ্যাপল নামের প্রতিষ্ঠানটি একই উদ্যোগ চালু করবে আগামী জানুয়ারি থেকে। চিকিৎসাবিজ্ঞানের এই অগ্রগতি সম্পর্কে সুসানাহ্ মজা করে তুলনা করেন ‘বিমাব্যবস্থার’ সঙ্গে, যদিও তাঁর সন্তান ধারণের সম্ভাবনা কমে আসছে।
নারীর বয়স যত কম হয়, তাঁর ডিম্বাণু তত বেশি কার্যকর বা উর্বর হয়ে থাকে। ৩৫ বছর বয়স পেরোনোর পর নারীর ডিম্বাণুর কার্যকারিতা দ্রুত কমতে থাকে। তাই বয়স থাকতে থাকতে ডিম্বাণু সংরক্ষণ করে রাখার উদ্দেশ্য হলো, পরে তা ব্যবহার করা। এই পদ্ধতির সুবিধা যাঁরা প্রথম নিয়েছেন তাঁদের একজন সারাহ্ এলিজাবেথ রিচার্ডস। আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিন ২০১২ সাল পর্যন্ত পদ্ধতিটিকে কেবল পরীক্ষামূলক বলে বিবেচনা করেছে।
সারাহ্ ৩৬ থেকে ৩৭ বছর বয়সের মধ্যে এ পর্যন্ত চারবার নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন। প্রথমে তিনি কানাডায় নিজের ডিম্বাণু হিমায়িত করেন। কারণ, সেখানে খরচ কম ছিল। পরে নিউইয়র্কেও তিনি ডিম্বাণু সংরক্ষণ করেন। ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে সারাহ্ বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি মোট ৭০টি ডিম্বাণু সংরক্ষণ করেছেন। এতে তাঁর জমানো ৫০ হাজার মার্কিন ডলার খরচ হয়েছে। এ ধরনের কাজে এটা অবশ্যই অনেক বড় ব্যয়। কিন্তু সন্তান পাওয়ার জন্য তাঁর আকাঙ্ক্ষা সব সময়ের। তবে তাঁর সন্তানের বাবা হওয়ার জন্য সঠিক পুরুষটিকে তিনি এখনো খুঁজছেন।
সারাহ্ আরও বলেন, ‘আমি যখন চিন্তা করি কীসের জন্য অর্থ খরচ করব? §বাড়ি, অবকাশ যাপন না কি একটা পরিবার পাওয়ার সুযোগের জন্য? এ ক্ষেত্রে, বাছাই করে নেওয়াটা খুব সহজ।’
মাদারহুড রিশিডিউলড: দ্য নিউ ফ্রন্টিয়ার অব এগ ফ্রিজিং অ্যান্ড দি উইমেন হু ট্রাইড ইট নামের একটি বই লিখেছেন সারাহ্। আর ডিম্বাণু সংরক্ষণ করে রাখতে পেরে তিনি ‘ভারমুক্ত হওয়ার প্রশান্তি’ অনুভব করার কথা জানিয়েছেন। তিনি জানেন, মা হওয়ার সম্ভাবনা তাঁর খুব কম। কিন্তু তবু তিনি আগামী দুই বছরের মধ্যে একটি সন্তান পাওয়ার আশা করছেন। এ জন্য তিনি আরও কয়েক হাজার ডলার খরচ করে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (টেস্ট বেবি চিকিৎসাপদ্ধতি) করাবেন।
পেশাদারি জীবনের সঙ্গে মিল রেখেই ডিম্বাণু সংরক্ষণ করা উচিত বলে মনে করেন সারাহ্। পারিবারিক ও পেশাজীবনের দ্বন্দ্ব নিয়ে বিতর্ক হতেই পারে। তিনি বলেন, শিশুর যত্ন-আত্তি মাতৃত্ব-ছুটি ইত্যাদি নিয়ে সমস্যা থাকবেই। কিন্তু সে জন্য বিলম্বিত মাতৃত্ব কোনো জবাব হতে পারে না।
সুসানাহ্ও ৩৬ থেকে ৩৭ বছর বয়সের মধ্যে নিজের ডিম্বাণু হিমায়িত করেছেন। তিনি এখনো সন্তান নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত মনে করেন না। কিন্তু পেশাজীবনের দোহাই দিয়ে কেউ পারিবারিক জীবনে প্রবেশে বিলম্ব করবে—এমনটা তাঁর পছন্দ নয়। তাঁর অনেক বন্ধুবান্ধব আছেন যাঁরা ৩৫ বছর পেরিয়েও একা এবং সফল ও সুন্দর জীবনযাপন করছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে
এখন জৈবঘড়ির গতিধারাও নিজের সুবিধা অনুযায়ী বদলে নেওয়ার সুযোগ রয়েছে। তিনি ইতিমধ্যে দুবার ডিম্বাণু পরিণত করে তোলার জন্য দুই সপ্তাহের হরমোন ইনজেকশন নিয়েছেন। শল্যচিকিৎসার মাধ্যমে এসব ডিম্বাণু সংগ্রহ করা হয়েছিল। তবে এ ধরনের পদ্ধতি গ্রহণ করা স্বস্তিকর নয়। তা ছাড়া এটা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। প্রতিবার চিকিৎসায় তাঁর ১৬ হাজার ডলার খরচ হয়েছে। তবে একজন বন্ধু তাঁকে বলেছিলেন, ঋণের কিস্তি শোধ করার জন্য সারা জীবন সময় পাওয়া যায়। কিন্তু সন্তান ধারণের সুযোগ থাকে সীমিত সময়ের জন্য।
নিউইয়র্ক ইউনিভার্সিটি ফার্টিলিটি সেন্টারের পরিচালক জেমি গ্রিফো বলেন, ডিম্বাণু সংরক্ষণের মাধ্যমে সন্তান ধারণের পদ্ধতি এখনো পরিপূর্ণভাবে সফল বলে প্রমাণিত হয়নি। এটা একটা আশা, প্রতিশ্রুতি নয়।
সূত্র: এএফপি।