হিলারি-ট্রাম্পের সমস্যা, রস+আলোর সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্কে বেশ কিছু সমস্যা প্রকটভাবে ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের এই ক্রান্তিকালে রস+আলো বসে থাকতে পারে না। আর তাই বিতর্কে উদ্ভূত সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে রস+আলো।

.
.

সমস্যা: বিতর্কে নাক টানাটানি

সমাধান: বিতর্ক অনুষ্ঠানে বেশ কয়েকবার নাক টেনে বিরক্তি উৎপাদন করেছেন ডোনাল্ড ট্রাম্প। একজন প্রেসিডেন্ট প্রার্থী হয়ে বিতর্কের মাঝখানে নাক টানাটানি করা ভীষণ অশোভন। হতে পারে তিনি অসুস্থ ছিলেন, তাই বলে নাক টানতে হবে? তা ছাড়া অসুস্থ হলে তাঁর উচিত ছিল বিতর্কে অংশ না নিয়ে নাক-কান-গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। এ ক্ষেত্রে ট্রাম্পের অনুপ্রেরণা হতে পারত বাংলাদেশের কতিপয় রাজনীতিবিদ; যাঁরা সর্দি-জ্বর যা-ই হোক না কেন, প্রায়ই চেকআপের জন্য সিঙ্গাপুরসহ আরও অনেক দেশে চিকিৎসা নেন। তাই পরবর্তী বিতর্কের আগেই বিদেশে গিয়ে সুচিকিৎসা নেওয়া ট্রাম্পের জন্য জরুরি। এ ক্ষেত্রে তিনি বিদেশের হাসপাতালে বাংলাদেশি রাজনীতিবিদদের রেফারেন্স দিয়ে সুলভ মূল্যে মানসম্পন্ন চিকিৎসা পেতে পারেন।

সমস্যা: নষ্ট মাইক্রোফোন

সমাধান: বিতর্কে পারফরম্যান্স খারাপ হয়েছে শোনার পর ট্রাম্প দোষ দিয়েছেন মাইক্রোফোনের! তাঁর মতো নামীদামি একজন ব্যবসায়ী কাম প্রেসিডেন্ট প্রার্থীকে নষ্ট মাইক্রোফোন দেওয়ার কারণ কী? কারণ যদি হয় অর্থনৈতিক, তাহলে ট্রাম্প বাংলাদেশ থেকে সস্তায় মাইক্রোফোন ভাড়া করতে পারতেন। বাংলাদেশে এখন আর আগের মতো বিরোধী দলের মিটিং, মিছিল, বিক্ষোভ হচ্ছে না। ফলে দেশের মাইক্রোফোন, মাইক ব্যবসায়ীদের ব্যবসা লাটে ওঠার জোগাড়। ফলে বাংলাদেশ থেকে মাইক্রোফোন ভাড়া করতে চাইলে খুব স্বল্পমূল্যেই পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস।

সমস্যা: কর ফাঁকি

সমাধান: ট্রাম্প কর ফাঁকি দিয়েছেন—হিলারির এই অভিযোগটিকে পাত্তা দেওয়ার কিছু দেখছে না রস+আলো। কর ফাঁকি একটা নিত্তনৈমিত্তিক ঘটনা। এই তো কদিন আগে বর্তমান সময়ের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসির বিরুদ্ধেও কর ফাঁকির মামলা হয়েছিল। মেসিকে কোর্ট-কাচারিতে দৌড়াতে হয়েছে। শুধু মেসিই নন, তাঁর বার্সেলোনার সতীর্থ নেইমারও কর ফাঁকি দিয়েছিলেন। এ ছাড়া আমাদের দেশে যিনি যত উচ্চপদে আসীন, তিনি তত বেশি কর ফাঁকি দেন। কর ফাঁকি না দিয়ে হিলারি কীভাবে এত বড় পদে গেলেন, তা ভেবেই বিস্ময় প্রকাশ করছি আমরা।

সমস্যা: কথায় বাধা

সমাধান: কথা বলতে গেলে বাধা আসবেই। হিলারি ও ট্রাম্প কথাবার্তার মাঝখানে একে অপরকে বাধা দিয়েছেন। আমাদের দেশে ফোনে কথা বলতে গেলে মাঝখানে কল ড্রপ হয়ে বাধার সৃষ্টি করে। ফোন কোম্পানি তখন জরিমানা হিসেবে ফেরত দেয় দু-এক পয়সা কিংবা কিছু সেকেন্ড পালস। সঞ্চালকের উচিত ছিল বিতর্কের সময়সীমা বাড়িয়ে কিছু সময় পালস হিসেবে দেওয়া। রস+আলো আশা করছে, পরের বার বিতর্কে পালস সিস্টেম রাখা হবে।

সমস্যা: নিজেদের বিজয়ী ঘোষণা

সমাধান: শুধু রাজনীতির খেলাতেই একই সঙ্গে দুই দল জিততে পারে। আমাদের দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি। বড় দলগুলো সব সময়ই দাবি করে, ১৬ কোটি মানুষ তাদের পাশে আছে। ১৬ কোটি মানুষ একই সঙ্গে দুই দলের পাশে থাকা যদি সম্ভব হয়, তাহলে হিলারি-ট্রাম্প দুজনই বিতর্কে জিতেছেন, এ আর এমন কঠিন কী!